Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শিক্ষার্থীদের ওপর হামলায় ছাত্রদলের নিন্দা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৫ ২৩:৫৭

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল

ঢাকা: মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে আন্দোলনরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার (১৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বিবৃতিতে তারা বলেন, ‘একটি ভুঁইফোড় সংগঠনের আড়ালে একদল সন্ত্রাসীর ভয়াবহ সন্ত্রাসী হামলায় নারী শিক্ষার্থীসহ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অসংখ্য সাধারণ শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছেন। স্বাধীন বাংলাদেশে যেকোনো ব্যক্তি বা সংগঠনের শান্তিপূর্ণ সভা-সমাবেশ ও মত প্রকাশের অধিকার রয়েছে। জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অসংখ্য প্রাণের বিনিময়ে শান্তিপূর্ণ মতপ্রকাশ ও সভা সমাবেশের যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, তা ক্ষুণ্ন করে এ ধরনের পরিকল্পিত হামলা উদ্বেগজনক।’

বিজ্ঞাপন

নেতারা বলেন, ‘শান্তিপূর্ণ সভা-সমাবেশে এধরনের ন্যাক্কারজনক হামলা জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের শহিদদের প্রতি অবমাননা ও তাদের স্বপ্নের মুক্ত বাংলাদেশের ওপর আঘাতের শামিল। হামলাকারীদেরকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করতে হবে।’

সারাবাংলা/এজেড/পিটিএম