Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংস্কার বাস্তবায়নে অর্থ উপদেষ্টার নেতৃত্বে এপিএ কাঠামো পুনর্গঠনে কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৫ ১৮:৫৩ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ২০:৪০

ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম বাস্তবায়নে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর কাঠামো পুনর্গঠনে মতামতসহ প্রতিবেদন প্রণয়নে ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান থেকে কমিটির কার্যপরিধি নির্ধারণ করে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, সরকারি কর্মসম্পাদনে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে গঠিত কমিটি বিদ্যমান বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) কাঠামো পুনর্গঠন করার বিষয়ে সুপারিশ প্রদান করবে।

আট সদস্য বিশিষ্ট কমিটির আহবায়ক হলেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, অর্থ সচিব, পরিকল্পনা বিভাগ সচিব, বাস্তবায়র পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ সচিব এবং মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব।

বিজ্ঞাপন

কমিটিতে ‘সচিব’ বলতে ‘সিনিয়র সচিব’ও অন্তর্ভূক্ত থাকবেন।

পরিপত্রে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। কমিটি প্রয়োজনে এপিএ সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত গ্রহণ ও সদস্য কো-অপ্ট করতে পারবে এবং কমিটি প্রয়োজনে প্রতি ১৫ দিন অন্তর সভা করতে পারবে।

এপিএ কাঠামো পুনর্গঠনে গঠিত কমিটিকে ৯টি বিষয় বিবেচনায় নিতে বলা হয়েছে। এগুলো হচ্ছে- সরকারের সংস্কার ও উন্নয়ন কার্যক্রমের লক্ষ্যমাত্রাগুলো অন্তর্ভূক্ত করা; সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা; সরকারি অর্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা; প্রধান কর্মকৃতি নির্দেশকগুলোর উপর ভিত্তি করে মূল্যায়ন করা; কার্যক্রম বাস্তবায়নে আন্ত:মন্ত্রণালয়/বিভাগের মধ্যে সমন্বয় নিশ্চিত করা; মন্ত্রণালয়/বিভাগের কর্মসম্পাদনের ফলাফল সঠিকভাবে নিরূপণের জন্য প্রয়োজনীয় নির্দেশক অন্তর্ভূক্ত করা; প্রাসঙ্গিকতা নেই – এ ধরনের কার্যক্রম এপিএ থেকে বাদ দেওয়া; সরকারের বিভিন্ন নীতি, উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন কার্যক্রম পুনঃনিরীক্ষা করে লক্ষ্যমাত্রা নিরূপণ করা এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয় বিবেচনা করা।

সারাবাংলা/আরএস