Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৩ জেলায় শৈত্যপ্রবাহ, সপ্তাহ শেষে বৃষ্টির পূর্বাভাস

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৫ ১৩:৩১ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১৫:৪০

তিন জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ছবি: সারাবাংলা

ঢাকা: দেশের তিন জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এদিকে সপ্তাহ শেষে সারা দেশে বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে সংস্থাটি।

সোমবার (২৭ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিরাজগঞ্জ, দিনাজপুর ও মৌলভীবাজার জেলাগুলোর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ সময় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়ার পূর্বাভাস। তবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

বিজ্ঞাপন

মঙ্গলবারের (২৮ জানুয়ারি) পূর্বাভাস বলছে, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বুধবার (২৯ জানুয়ারি) একই পরিস্থিতি বিরাজ করতে পারে। এদিন শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানিয়েছেন, সপ্তাহের শেষ দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা রয়েছে। এদিকে
উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সারাবাংলা/জেআর/ইআ