Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজশাহীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৫ ১৮:১৮ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ২১:৩০

নিহত জাহিদ আলম।

রাজশাহী: রাজশাহীর তানোর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে তানোর-মুণ্ডুমালা সড়কের দেবীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজন জাহিদ আলম (৩৫)। তিনি ইউএস বাংলা এয়ারলাইন্সের সিনিয়র এক্সিকিউটিভ। রাজশাহীর হযরত শাহমখদুম (র.) বিমানবন্দরে কর্মরত ছিলেন তিনি। তার বাড়ি রাজশাহী নগরের শিরোইল কলোনি মহল্লায়। বাবার নাম রফিকুল ইসলাম।

নিহত অন্যজন পলাশ (২৬)। তার বাড়িও রাজশাহী নগরের শিরোইলে। তার বাবার নাম জাহাঙ্গীর আলম। পলাশ মোটরসাইকেল চালাচ্ছিলেন। তার পেছনে জাহিদ আলম বসেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিজ্ঞাপন

আহতরা হলেন- তানোর উপজেলা সদরের গোল্লাপাড়া মহল্লার ভূপেন (২৬) এবং একই এলাকার রিয়াজ (৩০)। ভূপেনের বাবার নাম গোবিন্দ। রিয়াজের বাবার নাম মৃত ফয়েজ উদ্দিন।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান ইউএস বাংলার কর্মকর্তা জাহিদ আলম। আর পলাশকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহত দুজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। গুরুত্বর আহত দুই জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো