Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘২০ দিন আন্দোলন করে কেউ কেউ সব কৃতিত্ব চাচ্ছে’

স্পেশাল করেসপডেন্ট
২৭ জানুয়ারি ২০২৫ ২২:৪৭

মীরহাজীরবাগে আফতাব উদ্দিন রোডে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান

ঢাকা: ২০ দিন আন্দোলন করে কেউ কেউ সব কৃতিত্ব চাচ্ছেন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম।

সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মীরহাজীরবাগে আফতাব উদ্দিন রোডে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।

সাইফুল ইসলাম বলেন, ‘‘২০ দিন আন্দোলন করে কেউ কেউ সব কৃতিত্ব নিতে চাচ্ছেন। এই আন্দোলনে গুটি কয়েক মানুষ অংশ নেয়নি। সাধারণ জনগণের অংশগ্রহণেই এই জুলাই বিপ্লবের পূর্ণতা এসেছে। পৃথিবীর ইতিহাসে ২০ দিনে কোনো বিপ্লব সংগঠিত হয় না।’’

সাইফুল ইসলাম বলেন, ‘‘বৈষম্যবিরোধী ছাত্রনেতারা ক্ষমতার মসনদে বসে রাজনৈতিক দল করার চেষ্টা করবেন আবার বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে অন্য রাজনৈতিক দলগুলোকে ইন্ধন দেবেন, এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। গত দেড় দশকে যে দলের নেতারা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যুদ্ধ করেছে, শহিদ হয়েছে, তাদের সবাইকে সম্মান দিতে হবে।’’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘‘হঠাৎ করেই রেমিট্যান্স বাড়ছে। এর ভেতর কী আছে তা খুঁজে বের করতে হবে। কারা এত টাকা পাঠাচ্ছেন। কী উদ্দেশে পাঠাচ্ছেন! গত দুই মাসে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক টাকা এসেছে। এগুলো কোন খাতে ব্যবহার করার জন্য? এসব টাকা কাদের পেছনে ব্যয় হচ্ছে? সম্প্রতি দেশে বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটছে। তাই কোন কারণে, কোন দেশ থেকে টাকা আসছে তা খুঁজে বের করতে হবে।’’

স্থানীয় বিএনপির নেতা ইমতিয়াজ আহমেদ টিপুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন মো. সালাউদ্দিন রতন, সানাউল্লাহ সানু, তরিকুল ইসলাম পলাশ, মো. মফিকুল ইসলাম বাবু, মো. মমিন মিয়া প্রমুখ।

সারাবাংলা/এজেড/ এইচআই
বিজ্ঞাপন

আরো