Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দাবি মানা না পর্যন্ত আন্দোলনের ঘোষণা ইবতেদায়ি শিক্ষকদের

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৫ ১৬:০৮ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ ১৭:১০

জাতীয়করণের দাবিতে আন্দোলনে শিক্ষকেরা। ছবি: সারাবাংলা

ঢাকা: নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে দশম দিনেও রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। তারা বলছেন, যদি তাদের প্রত্যাশা পূরণ না হয়, তাহলে দাবি মানা না পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা।

জাতীয়করণের দাবিতে আন্দোলনে শিক্ষকেরা। ছবি: সারাবাংলা

আন্দোলনরত শিক্ষকরা বলছেন, একই পাঠ্য বই পড়ানো হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে। কিন্তু প্রাথমিকের শিক্ষকদের মতো বেতন ভাতা পান না তারা। এ জন্য জাতীয়করণের এক দফা দাবিতে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তারা।

বিজ্ঞাপন

আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্যসচিব আল–আমিন বলেন, ‘আমরা জাতীয়করণের ঘোষণা চাইছি। ইবতেদায়ি মাদরাসাকে জাতীয়করণসহ ছয় দফা দাবি ছিল। কিন্তু রোববার পুলিশ আমাদের ওপর হামলা করেছে। তাই এখন আমাদের এক দফা এক দাবি। সেই দাবি হলো প্রাথমিক বিদ্যালয়ের মতো ইবতেদায়ি মাদরাসাকে জাতীয়করণ ঘোষণা করতে হবে।’

তিনি জানান, ‘এ বিষয়ে আমাদের ১৫ সদস্যের একটি দল সচিবালয়ে বৈঠকের জন্য যাচ্ছি। আশা করছি, ভালো কোন ফলাফল পাব।’

এর আগে গত ১৯ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিলেন আন্দোলনরত শিক্ষকরা। জাতীয়করণের দাবির অংশ হিসেবে প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি থেকে রোববার (২৬ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন তারা। এরপর তারা জাতীয় প্রেস ক্লাব থেকে ঢাকা বিশবিদ্যালয়ের ভেতর দিয়ে শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়।

শিক্ষকরা জানান, ১০ হাজার মাদরাসার ৫০ হাজার শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন। তাই দাবি মানা না হলে কঠোর কর্মসূচিতে যাব আমরা।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

আরো