Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আমরা পদত্যাগের কোনো সিদ্ধান্ত কিংবা পরিকল্পনাও করিনি: উপদেষ্টা নাহিদ

স্পেশাল‌ করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৫ ১৯:৩১ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ ২২:৩৮

ঢাকা: পদত্যাগের বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনাও করিনি; পদত্যাগের সিদ্ধান্ত নিলে নিজেই ঘোষণা দেবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আজ একটি জাতীয় দৈনিক পত্রিকায় উপদেষ্টা নাহিদ ও আসিফের পদত্যাগের সংবাদ প্রকাশ করে। প্রকাশিত সংবাদ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা এ কথা বলেছেন।

এ বিষয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, ‘প্রতিবেদনটি আমার নজরে এসেছে, সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখেছি। পত্রিকা আসলে কোন উৎস থেকে এটা করেছে, সেটা পরিষ্কার করেনি। এ ধরনের (পদত্যাগের) সিদ্ধান্ত এখনো হয়নি। যদি হয় তাহলে আমরা নিজেরাই বলব।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘রাজনৈতিক দলে অংশগ্রহণের পরিস্থিতি হলে; সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে সেটা আনুষ্ঠানিকভাবেই বলব। এমন কোনো সিদ্ধান্ত আমার বা আসিফের জায়গা থেকে হয়নি। আমরা সরকারের কার্যক্রম করছি।’

তিনি আরও বলেন, ‘কথার প্রেক্ষিতে বলেছিলাম যে, আমরা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দলে যোগ দেব না। আমরা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনাও করিনি। পত্রিকার প্রকাশিত খবরের উৎস পরিষ্কার করেনি। তাদের আরও দায়িত্বশীল হওয়া দরকার ছিল।

সারাবাংলা/জিএস/এসআর