Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১৪ বছর আগে চট্টগ্রাম আদালতে অলি আহমদের ওপর হামলার ঘটনায় মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৫ ১৯:৪০ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ ২২:৩৮

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: ১৪ বছর আগে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের ওপর হামলার ঘটনায় আদালতে একটি মামলা দায়ের হয়েছে। এতে আওয়ামী লীগ দলীয় সাবেক দুই সংসদ সদস্যসহ ২০১ জনকে আসামি করা হয়েছে। আদালত মামলার আবেদন গ্রহণ করে সরাসরি এজাহার হিসেবে নথিভুক্ত করার জন্য নগরীর কোতোয়ালি থানাকে নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী নুর-ই খোদা সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়ার একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব, চন্দনাইশ পৌরসভার সাবেক মেয়র মাহবুবুল আলম খোকা, চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল কাইয়ূম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানসহ ২০১ জনকে আসামি করা হয়েছে। আসামিদের অধিকাংশই চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার বাসিন্দা এবং আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত বলে জানা গেছে।

বিজ্ঞাপন

মামলার আরজিতে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে মানহানির অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় হাজিরা দিতে ২০১১ সালের ২৪ নভেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যান অলি আহমদ। এ সময় আদালত প্রাঙ্গণে আসামিরা সংঘবদ্ধ হয়ে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অলি আহমদ ও তার সঙ্গে যাওয়া এলডিপির নেতাকর্মীদের ওপর হামলা করে। অলি আহমদকে বহনকারী গাড়িও ভাংচুর করা হয়।

বাদীর আইনজীবী রফিকুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘২০১ জন আসামির বিরুদ্ধে আমরা আদালতে মামলার আবেদন দাখিল করেছিলাম। আদালত আমাদের আবেদন গ্রহণ করে কোতোয়ালি থানাকে সরাসরি এজাহার হিসেবে রেকর্ডের নির্দেশ দিয়েছেন।’

সারাবাংলা/আরডি/পিটিএম