Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু, আহত অন্তত ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৫ ১৪:২০ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ১৭:১৭

রংপুরে সড়ক দুর্ঘটনার ফাইল ছবি

রংপুর: রংপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। গুরুতর আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে এসব দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর সাতমাথা চায়না সিনেমা হল সংলগ্ন কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে যাত্রীবাহী একটি বাস ও একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে সকাল পৌনে ৮টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ বড়দরগাহ হাইওয়ে ফ্লাইওভারের দক্ষিণে একটি যাত্রীবাহী বাস আরেকটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় আসলাম খান (৪৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়। তিনি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার শৈলতলা গ্রামের সামদানী খানের ছেলে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন যাত্রী। তাদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এছাড়া রংপুরের নজিরের হাট এলাকায় বাসের ধাক্কায় আরও এক পথচারী নিহত হন। তারও নামপরিচয় জানা যায়নি।

রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদ আলম বলেন, ‘মূলত ঘন কুয়াশার কারণে এসব দুর্ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছি। তবে এখনো তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।’

সারাবাংলা/এমপি