Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ বাড়াল জান্তা সরকার

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৫ ১৬:৪৯ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ১৮:১৮

মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ বাড়ালো জান্তা সরকার

আরও ছয় মাসের জন্য জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে মিয়ানমারের সামরিক সরকার।

শুক্রবার (৩১ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এই তথ্য প্রচার করে জান্তা সরকার।

মিয়ানমারের সরকারি গণমাধ্যম জানিয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য এখনো অনেক কাজ বাকি রয়েছে। বিশেষ করে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদিও এখনো নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি সামরিক সরকার। এর মধ্যেই ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে দেশটি। এখনো দেশব্যাপী তারা সশস্ত্র বিদ্রোহের সম্মুখীন।

অন্যদিকে, সমালোচকরা এই নির্বাচনকে জেনারেলদের ক্ষমতা টিকিয়ে রাখার একটি ষড়যন্ত্র হিসেবে অভিহিত করছেন। তাদের দাবি, এটি জনগণের ইচ্ছার বিরুদ্ধে অনুষ্ঠিত হবে। তারা সামরিক শাসনের বিরোধিতাকারীরা নির্বাচন আটকানোর পরিকল্পনার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে এর ফলাফল প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২১ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চির নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে উৎখাতের পর দেশটির ক্ষমতা দখল করে সামরিক জান্তা। বর্তমানে দেশটি গৃহযুদ্ধের কবলে পড়েছে। এমন পরিস্থিতিতে এই বছর নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে সামরিক সরকার।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, এই সংঘাতে ৩০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে ও দেশটি চরম খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছে। বর্তমানে দেশটির মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ এখন মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।

সারাবাংলা/এসডব্লিউ