Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি কেন’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৫ ১৬:১৩ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০৫

ভাসানী মিলনায়তনে এক সভায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

ঢাকা: শেখ হাসিনার শাসনামলের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি কেন— এমন প্রশ্ন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১ফেব্রয়ারি) দুপুরে রাজধানীর ভাসানী মিলনায়তনে ‘ঠিকানা বাংলাদেশ’-এর কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন তোলেন।

রিজভী বলেন, ‘‘শঙ্কা আমাদের দিন দিন বাড়ছে। কুমিল্লায় যুবদলের একটা ছেলেকে ধরে নিয়ে মৃত অবস্থায় ফিরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ডক্টর ইউনুসের আমলে এই ঘটনা ঘটবে কেন? তাকে পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলো অত্যন্ত পছন্দ করে এবং এদেশের মানুষও পছন্দ করে। তারা মনে করে তিনি দেশের একজন গুণী মানুষ, তিনি দেশের জন্য আন্তর্জাতিক সম্মান নিয়ে এসেছেন। তার সময়ে যদি শেখ হাসিনা সরকারের বিভিন্ন দুষ্কর্ম এবং অত্যাচারের পুনরাবৃত্তি হয়, তাহলে তো হোঁচট খাবে জনগণ।’’

বিজ্ঞাপন

তিনি বলেন,‘‘আমরা দেখতে পাচ্ছি একটি দেশ থেকে ক্রমাগত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। একটা ভয়ংকর মাফিয়া সরকারের পতনের পর ভারতের কিছু মিডিয়া আমাদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চালাচ্ছে, এটা নিন্দনীয়। এই যে বৈদেশিক চক্রান্ত হচ্ছে, এগুলো মোকাবেলা করেই তো আমাদের সঠিক পথে চলতে হবে। যদি সঠিক পথে চলতে ব্যর্থ হই, তাহলে তো ওরা আরও সুযোগ নেবে।’’

রিজভী বলেন, ‘‘বাংলাদেশের সেনাবাহিনী একটি গর্বিত সেনাবাহিনী। যখন যাই ঘটুক চূড়ান্তভাবে জনগণের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী। বাংলাদেশের সেনাবাহিনী সম্পর্কে পশ্চিম বাংলার একটি বহুল প্রচারিত পত্রিকা নানা ধরনের অপমানজনক প্রতিবেদন করছে। কারণ কি? কারণ এইটাই তাদের পছন্দের যে সরকার ছিল, সেই সরকার এখন নেই। তারা এক ধরনের মনোবেদনায় ভুগছে। যার কারণে ক্রমাগতভাবে মিথ্যা বয়ান তৈরি করে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।’’

তিনি আরও বলেন, ‘‘ভারত তো একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তাদের হস্তক্ষেপের কারণে আমরা যেমন তাদের সমালোচনা করি, আবার তাদের দেশের আভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য আমরা তো তাদের প্রশংসাও করি। আনন্দবাজার পত্রিকা তো নিজেকে সেকুলার মনে করে। কিন্তু আমি ওখানে দেখেছি তাদেরও অত্যন্ত গভীরে কোথায় যেন একটা সাম্প্রদায়িকতা কাজ করে। হিন্দু মুসলমানের সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ হচ্ছে বাংলাদেশ, ভারত নয়।’’

সারাবাংলা/এজেড/ইআ