Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে: কাজী মামুন

স্পেশাল করেসপডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৬

জাতীয় পার্টির মহাসচিব কাজী মো. মামুনুর রশিদ

ঢাকা: জাতীয় পার্টির মহাসচিব কাজী মো. মামুনুর রশিদ বলেছেন, প্রতিবেশি ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক বজায় রাখতে হবে। দেশের উন্নয়নকে সঠিকভাবে এগিয়ে নিতে হলে সকল রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জরুরি। এই সকল রাষ্ট্র অতীতে দেশের উন্নয়ন কর্মকাণ্ডসহ বিভিন্ন দুর্বিপাকে আমাদের পাশে ছিল।

শনিবার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রামের পটিয়াস্থ পার্টি সেন্টারে (শাহচান্দ আউলিয়া মাজার গেট সংলগ্ন) জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির প্রতিনিধি সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

কাজী মামুনুর রশিদ বলেন, ‘দেশে রাজনৈতিক সরকার জরুরি হয়ে পড়েছে। দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। আমরা আশা করি বর্তমান অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করবেন। পল্লীবন্ধু এরশাদের আদর্শে অনুপ্রাণিত নেতা-কর্মীদের জাতীয় পার্টির ৯ বছরের উন্নয়ন কর্মকাণ্ডকে নবপ্রজন্মের কাছে তুলে ধরতে হবে। দেশের রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিনের হানাহানি প্রমাণ করে যে সত্যিকারের ইসলামী মূল্যবোধ, জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতীয় পার্টির বিকল্প নেই। আজকে এই প্রতিনিধি সভা জনসভায় রুপান্তরিত হয়েছে। আজকের এই সভা প্রমাণ করে মানুষ আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।

প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য খন্দকার মনিরুজ্জামান টিটু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, দফতর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল, চট্টগ্রাম মহানগর আহ্বায়ক হেলাল উদ্দীন, চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক শাহাদাত হোসেন ও কেন্দ্রীয় সদস্য মোস্তাক আহমেদ, খাগড়াছড়ি জেলার আহ্বায়ক নিরাপদ তালুকদার, বান্দরবান জেলা আহ্বায়ক শফিউল আলম। কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব আলহাজ্ব নুরুল ইসলাম কমিশনারের পরিচালনায় সভায় পার্টির কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও পৌরসভার নেতারা বক্তব্য রাখেন।

সারাবাংলা/এএইচএইচ/এইচআই