Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘যুবদল নেতার প্রাণ হারানো ফ্যাসিবাদী দুঃশাসনকে মনে করিয়ে দেয়’

স্পেশাল করেসপডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২৩

বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক

ঢাকা: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক কুমিল্লায় যৌথবাহিনীর হাতে যুবদল নেতার প্রাণ হারানোর ঘটনায় তীব্র নিন্দা করে বলেছেন, কোনো অবস্থাতেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অনুমোদনযোগ্য নয়। কুমিল্লায় যুবদল নেতার অস্বাভাবিক মৃত্যু আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের স্মৃতি মনে করিয়ে দেয়।

শনিবার (০১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, কুমিল্লায় অমানবিক নির্যাতনের কারণে মো. তৌহিদুল ইসলাম নামের এক যুবদল নেতা প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ করেছেন নিহতের পরিবারের সদস্যরা। নিহত যুবদল নেতার শরীরে নির্যাতনের ক্ষতচিহ্ন থাকার কথা জানিয়েছেন তার স্বজন ও চিকিৎসকেরা।

বিজ্ঞাপন

তিনি বলেন, ছাত্র, শ্রমিক ও জনতার গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এ ধরনের নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দেশবাসী কোনোভাবেই বরদাস্ত করবে না। এই ধরনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা কেবল আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের স্মৃতিকেই মনে করিয়ে দেয়।

তিনি বলেন, দেশবাসী আর কোনো গুম, খুন, নির্যাতন, নিপীড়ন আর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের রাষ্ট্রীয় সন্ত্রাস দেখতে চায় না।

বিবৃতিতে তিনি অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডের দায়ীদের চিহ্নিত এবং যথাযথ তদন্তের মাধ্যমে বিচার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

সারাবাংলা/এএইচএইচ/এইচআই