Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুয়েট ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে আজীবন বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৪ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৩

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) এক শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগে ১০ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া আরও চারজন শিক্ষার্থীকে বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে কুয়েট ছাত্র-শৃঙ্খলা কমিটির সদস্য সচিব ও পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মাদ সুলতান মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আজীবন বহিষ্কৃতরা হলেন- নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কুয়েট শাখার সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান, ছাত্র রায়হান আহমেদ, সাদ আহমেদ, সাজেদুল কবির, আদনান রাফি, রিজুয়ানুল ইসলাম রিজভী, ফুয়াদুজ্জামান ফাহিম, মো. মেহেদী হাসান মিঠু, মো. সাফাত মোর্শেদ ও ফখরুল ইসলাম।

বিজ্ঞাপন

এ ছাড়া মোস্তাক আহমেদকে পাচঁ বছরের জন্য সনদ এবং আজীবন প্রশংসাপত্র দেওয়া হবে না। শুভেন্দু দাস ও ফারিয়ার জামিল নিহালকে তিন বছরের জন্য সনদ দেওয়া হবে না এবং আজীবন প্রশংসাপত্র দেওয় না।
এই ১৩ জনের বিরুদ্ধে বিদ্যালয়ের এক ছাত্রকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অপরদিকে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় এক শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার এবং সতর্ক করা হয়েছে।

ছাত্র-শৃঙ্খলা কমিটি ওই সভার কার্যবিবরণী সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১১ সেপ্টেম্বর কুয়েটের এস এ রশীদ হলে ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের শিক্ষার্থী জাহিদুর রহমানকে শারীরিক ও মানসিকভাকে নির্যাতন করেন কিছু শিক্ষার্থী। ঘটনা তদন্তের জন্য ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটি তদন্তপ্রক্রিয়া সম্পন্ন করে তদন্ত প্রতিবেদনটি গত ২৭ জানুয়ারির ছাত্র-শৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপন করে। তদন্ত কমিটির সুপারিশ ও অন্যান্য বিষয়ে বিস্তারিত পর্যালেচনা শেষে বিধি অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীদেরকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত হয়।

কুয়েট ছাত্র-শৃঙ্খলা কমিটির সদস্য সচিব ও পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মাদ সুলতান মাহমুদ বলেন, ‘২৭ জানুয়ারির সভায় দুটি আলোচ্যসূচি ছিল। আলোচ্যসূচির প্রথমটিতে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে ১৩ জনের শাস্তি হয়েছে। এর মধ্যে ১০ জনকে আজীবন বহিষ্কার এবং তিনজনকে বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে। আর দ্বিতীয়টিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় একজনের শাস্তি হয়েছে।

সারাবাংলা/এইচআই