Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১২

কুড়িগ্রাম আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজু। ছবি: সারাবাংলা।

কুড়িগ্রাম: কুড়িগ্রামে কলেজ শিক্ষার্থী আশিক হত্যার মামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজুকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ডিবির ওসি নাজমুল আলম।

নিহত আশিক কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের কৃষক চাঁদ মিয়ার ছেলে। সে উলিপুরের পাঁচপীর ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আশিক হত্যার ঘটনায় গত ১০ অক্টোবর কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী রুহুল আমিন বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় মামলা করেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, আশিক হত্যার ঘটনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুসহ আওয়ামী লীগের ১০৪ জন নেতাকর্মীর নামে সদর থানায় হত্যা মামলা হয়েছে। মামলায় শিক্ষার্থীর ওপর হামলা, হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ এনে আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে।

ঘটনার দিন আশিক ও তার ছোট ভাই আতিকুর রহমান মিছিলে যায়। পরে আশিক মাথায় আঘাত পেয়ে আহত হলে প্রথমে বাসায় আসেন। পরে আঘাতের ব্যাথায় বমি করলে ১৮ আগস্ট প্রথমে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে নেওয়া হলে ১ সেপ্টেম্বর আশিক মারা যান।

কুড়িগ্রাম গোয়েন্দা পুলিশের ওসি নাজমুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার আসামি সাজুকে রংপুর থেকে গ্রেফতার করে ডিবির একটি দল। মঙ্গলবার (৩ ফেব্রুয়াারি) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

সারাবাংলা/এসআর