Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘রাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপের মধ্যে অন্যতম সামাজিক নিরাপত্তা কর্মসূচি’

স্টাফ করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০৩ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪২

‘বাংলাদেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও পুষ্টি সংবেদনশীল করে তোলা’ শীর্ষক গোলটেবিল বৈঠক

ঢাকা: সামাজিক নিরাপত্তা কর্মসূচি যা দরিদ্র, অসহায় ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেবার হাতিয়ার উল্লেখ করে উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, রাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপের মধ্যে অন্যতম সামাজিক নিরাপত্তা কর্মসূচি। দারিদ্রের সূচকে বাংলাদেশের উন্নতি ঘটেছে। কিন্তু নিউট্রিশনে আমরা অনেক পিছিয়ে আছি। দেশে যে হারে দারিদ্র কমেছে সে হারে নিউট্রিশনের কোনো উন্নয়ন হয়নি।

তিনি বলেন, দরিদ্র শিশুদের বেড়ে ওঠা ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্য ও পুষ্টির চাহিদা পূরণের জন্য নিউট্রিশনের ওপর জোর দিতে হবে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার স্থানীয় হোটেলে নিউট্রিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড আয়োজিত ‘বাংলাদেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও পুষ্টি সংবেদনশীল করে তোলা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

উপদেষ্টা বলেন, গ্রামীণ দরিদ্র গর্ভবতী মায়েদের স্বাস্থ্য ও পুষ্টির চাহিদা পূরণের জন্য প্রতি মাসে ৮০০ টাকা হারে ৩৬ মাস ভাতা দেওয়া হয়, যা দিয়ে দারিদ্র্যকে অপমান করা হয়। একইসঙ্গে তিনি বলেন, চালের পুষ্টি নিয়ে যেহেতু কোনো গবেষণা নেই তাই এই চাল কতটা ঘাটতি পূরণ করে তা নিয়েও উদ্বেগ আছে। দেশে ফর্টিফাইড চালের বিশাল বাজেট। কিন্তু এখন পর্যন্ত আমার হাতে একটাও গবেষণা নাই এই চাল নিয়ে।

পর্যাপ্ত মনিটরিং রিপোর্ট ও রিসার্চ নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘আমার দেশের ভাত, শাক-সবজি মানুষের পুষ্টির চাহিদা পূরণ করতে পারে। রিসার্চ ছাড়া কোনো নিউট্রিশন বা খাদ্য সম্পর্কিত প্রজেক্ট চালু করা যাবে না।’

তিনি আরও বলেন, ‘ইউনিসেফের তথ্য বলছে ১০০ জনের মধ্যে ৪৬ জনকে ভুল সেবা দিচ্ছি অর্থাৎ যে চাল, ভাতাটা যার কাছে যাওয়ার কথা সেখানে যাচ্ছে না। আমাদের কোনো টার্গেটিং কৌশল ভালো নেই, এজন্য মন্ত্রণালয়গুলোর দায় নিতে হবে।’

গোলটেবিল বৈঠকে নিউট্রিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আসফিয়া আজিমের সঞ্চালনায় বৈঠকে অন্যানের মধ্যে মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক কেয়া খান, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় শাখার অতিরিক্ত সচিব মো. খালেদ হাসান, নিউট্রিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাইকা সিরাজ, ডব্লিউএফপির সামাজিক সুরক্ষার মোহাম্মদ মামুনুর রশিদ, বিশ্বব্যাংকের সিনিয়র স্বাস্থ্য বিশেষজ্ঞ ওয়াসেক এ রেজা, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা স্বাস্থ্য প্রযুক্তি বিশেষজ্ঞ ডাক্তার মোমেনা খাতুন, মানুষের জন্য ফাউন্ডেশন এর সিনিয়র সমন্বয়ক মো. জিয়াউল করিম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র পলিসি অ্যাডভাইজার ওসমান হারুনী এবং বিএনসিসির মহাপরিচালক ডাক্তার মো. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/এইচআই