Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জানুয়ারিতে সড়কে ৬০৮ প্রাণহানি 

সারাবাংলা ডেস্ক
৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩৩ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১১

রংপুরে সড়ক দুর্ঘটনার ফাইল ছবি

ঢাকা: জানুয়ারিতে দেশের বিভিন্ন স্থানে ৬২১ সড়ক দুর্ঘটনায় ৬০৮ জন নিহত হয়েছেন। এরমধ্যে ৭২ জন নারী ও ৮৪ জন শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও এক হাজার ১০০ জন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৭১টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২৬৪ জন, যা মোট নিহতের ৪৩ দশমিক ৪২ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪৩ দশমিক ৬৩ শতাংশ। দুর্ঘটনায় ১৪৩ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২৩ দশমিক ৫১ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৭৩ জন, অর্থাৎ ১২ শতাংশ।

বিজ্ঞাপন

এই সময়ে চারটি নৌ-দুর্ঘটনায় ছয় জন নিহত, দুই জন আহত হয়েছেন। ২২টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ২৬ জন নিহত এবং সাত জন আহত হয়েছেন।

দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়- মোটরসাইকেল চালক ও আরোহী ২৬৪ জন (৪৩.৪২ শতাংশ), বাসের যাত্রী ২৮ জন (৪.৬০ শতাংশ), ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রাক্টর-ট্রলি আরোহী ৩৪ জন (৫.৫৯ শতাংশ), প্রাইভেটকার-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স আরোহী ১৯ জন (৩.১২ শতাংশ), থ্রি-হুইলার যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-লেগুনা) ৯০ জন (১৪.৮০ শতাংশ), স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-ভটভটি-মাহিন্দ্র-টমটম) ১৮ জন (২.৯৬ শতাংশ) এবং বাইসাইকেল-রিকশা আরোহী ১২ জন (১.৯৭ শতাংশ) নিহত হয়েছেন।

সারাবাংলা/ইআ