Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সদস্যসচিব জেসিনার পদ স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৬

জেসিনা মোর্শেদ প্রাপ্তি।

যশোর: কমিটি অনুমোদনের দুই মাসের মাথায় সাংগঠনিক নীতিবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন যশোর জেলা শাখার সদস্যসচিব জেসিনা মোর্শেদ প্রাপ্তির পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের যশোর জেলার আহ্বায়ক রাশেদ খান। এর আগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল সই করা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘সাম্প্রতিক সময়ে উপজেলা কমিটি গঠন সংক্রান্ত সাংগঠনিক নীতিবহির্ভূত কিছু কর্মকাণ্ড নজরে আসে কেন্দ্রীয় কমিটির। যার প্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন যশোর জেলা শাখার সদস্য সচিব জেসিনা মোরশেদ প্রাপ্তির পদটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একইসঙ্গে আনিত অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির কাছে তিন কার্যদিবসের মধ্যে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী আন্দোলনের যশোরের আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘চিঠিটি পেয়েছি। সেখানে সাংগঠনিক নীতিবহির্ভূত কর্মকাণ্ডের কারণে সদস্য সচিবের পদ স্থগিত করা হয়েছে।’

এ বিষয়ে জেসিনা মোর্শেদ প্রাপ্তি বলেন, ‘বড় সংগঠন, জবাবদিহিতা থাকবে, এটাই স্বাভাবিক। কেন্দ্র আমাকে সশরীরে উপস্থিত হতে বলেছে, আমি কেন্দ্রে এ বিষয়ে জবাব দিব।’

গত বছরের ২৬ নভেম্বর রাশেদ খানকে আহ্বায়ক ও জেসিনা মোর্শেদ প্রাপ্তিকে সদস্য সচিব করে ১০১ জনের যশোর জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটি ছয় মাসের জন্য অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। কিন্তু সপ্তাহ খানেকের মধ্যে কমিটিতে ছাত্রলীগের নেতা-কর্মীদের পুনর্বাসনসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ৯ জন নেতা পদত্যাগ করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের আন্দোলনের পর কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন নিয়ে যশোরে বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী-সমর্থকরা দুই ভাগে বিভক্ত হয়ে যান। যা এখনো বিদ্যমান। একটি অংশের নেতৃত্ব দেন জেলার আহ্বায়ক রাশেদ খান, অন্যটির নেতৃত্ব দিতেন জেসিনা মোর্শেদ প্রাপ্তি।

সারাবাংলা/এসআর