Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছয় দাবিতে শহিদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদরা

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৩২ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৫

কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা।

ঢাকা: চাকরিতে পুনর্বহালসহ ছয় দফা দাবিতে কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অবস্থান নিয়েছেন।

এ বিষয়ে বিডিআর কল্যাণ পরিষদ সভাপতি ফয়জুল আলম বলেন, পিলখানা হত্যাকাণ্ডে প্রহসনমূলক মামলায় নিরপরাধ জেলবন্দিদের মুক্তি দিতে হবে। অন্যায়ভাবে যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের সরকারি সব ধরনের ক্ষতিপূরণসহ ছয় দফা অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে। সে জন্য ১১, ১২ ও ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত আমরা লাগাতার শহিদ মিনারে অবস্থান করব। এরমধ্যে সুখবর না এলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা হুঁশিয়ারিও দেন তিনি।

বিজ্ঞাপন

ছয় দফা দাবিগুলো হচ্ছে- পিলখানার ভেতরে ও বাইরে ১৮টি বিশেষ আদালত ও অধিনায়কের সামারি কোর্ট গঠন করে যেসব বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের চাকরিতে পুনর্বহাল করা। একইসঙ্গে তাদের ক্ষতিপূরণ নিশ্চিত করা; হত্যা মামলায় খালাসপ্রাপ্ত এবং সাজা শেষ হওয়া কারাবন্দি বিডিআর সদস্যদের অনতিবিলম্বে মুক্তি দেওয়া; গঠিত কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ব্যতীত শব্দ এবং কার্যপরিধি ২ এর (ঙ) নং ধারা বাদ দেওয়া এবং একইসঙ্গে স্বাধীন তদন্ত রিপোর্ট সাপেক্ষে অন্যায়ভাবে দণ্ডিত নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি দেওয়া, পিলখানা হত্যাকাণ্ডের সঠিক কারণ উদঘাটন, মূল ষড়যন্ত্রকারী, হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা; পিলখানায় শহীদ ৫৭ সেনা কর্মকর্তা, ১০ জন বিডিআর সদস্যসহ সর্বমোট ৭৪ জনের হত্যাকারীর বিচার নিশ্চিত করা। একইসঙ্গে কারাগারে মারা যাওয়া সব বিডিআর সদস্যের মৃত্যুর সঠিক কারণ উন্মোচন করা; স্বাধীনতা-সার্বভৌমত্বের গৌরবোজ্জ্বল ইতিহাস ধারণকারী বিডিআর নাম ফিরিয়ে আনা; পিলখানার হত্যাকাণ্ডে সব শহীদের স্মরণে জাতীয় দিবস ঘোষণা করা এবং শহিদদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা।

সারাবাংলা/এমএইচ/ইআ