Tuesday 25 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘যে ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের ফাঁসি, সেখানে শেখ হাসিনার বিচার হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৫ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪৭

খুলনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

খুলনা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যে ট্রাইব্যুনালে মিথ্যা, সাজানো-পাতানো মামলায় নিজামী, মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলীসহ জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে সেই ট্রাইব্যুনালেই মানবতাবিরোধীদের মাস্টারমাইন্ড শেখ হাসিনার বিচার হবে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা জেলার ফুলতলা উপজেলার ফুলতলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

৫ আগস্টের পর অনেকে মুক্তি পেলেও জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে বিনা অপরাধে এখনো কারাগারে থাকতে হচ্ছে উল্লেখ করে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, ‘এ জন্য আগামী ২৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ওই অবস্থান কর্মসূচিতে দেশবাসীকে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

বিজ্ঞাপন

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘৫৩ বছরে দেশের মানুষ অনেক সরকারের শাসন দেখেছে। এখন দেখতে বাকি জামায়াতের শাসন।’

নতুন বাংলাদেশ গড়তে বর্তমান অন্তর্বর্তী সরকারকে জামায়াত সহযোগিতা করতে চায় উল্লেখ করে তিনি বলেন, ‘অনেকে আছে এখনই নির্বাচন দিয়ে ক্ষমতায় বসতে চায়। কিন্তু আমরা বলেছি, যেসব জায়গায় বিগত পনের বছরের জঞ্জাল রয়েছে সেগুলো আগে পরিষ্কার করে, সংস্কার করে তারপর নির্বাচন দিতে হবে। দেশবাসী আর ২০১৪, ২০১৮ আর ২০২৪ এর মতো কোনো নির্বাচন দেখতে চায় না। বিগত তিনটি নির্বাচনে আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, পুলিশলীগ মানুষকে ভোট দিতে দেয়নি। তেমন নির্বাচন এ দেশের মানুষ আর দেখতে চান না। দেশবাসী চান একটি পরিচ্ছন্ন, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন।’

ফুলতলা ইউনিয়ন আমির মাস্টার মফিজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, শ্রমিককল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি ও জামায়াতে ইসলামীর খুলনা জেলার সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল গাওসুল আযম হাদী ও জেলা কর্মপরিষদ সদস্য শেখ সিরাজুল ইসলাম প্রমুখ।

সারাবাংলা/এইচআই