Wednesday 26 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সোনার দাম হাজার টাকা কমলেও ভরি এখনো দেড় লাখের ওপরে

সারাবাংলা ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৫ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০২

সোনা। ছবি: সংগৃহীত

ঢাকা: তিন দিনের ব্যবধানে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মাত্র তিন দিন আগেই সোনার দাম রেকর্ড ছাড়িয়ে যায়। তবে আজ ভরিতে সোনার দাম কমেছে ১ হাজার ১৫৫ টাকা। ফলে এখন প্রতিভরি সোনা কিনতে লাগবে ১ লাখ ৫৩ হাজার ৩৭০ টাকা। তিন দিন আগেও সোনার দাম ছিল রেকর্ড ১ লাখ ৫৪ হাজার ৫২৫ টাকা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দর সংশোধনের এ ঘোষণা দেওয়া হয়। সোমবার (২৪ ফেব্রুয়ারি) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ১ লাখ ৫৩ হাজার ৩৭০ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৩৯৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরি পড়বে ১ লাখ ২৫ হাজার ৪৮১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩ হাজার ৪০১টাকা।

তবে এদিন রুপার দাম বাড়ানো বা কমানোর ঘোষণা আসেনি। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেট রুপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা আছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোনা ও রুপার বিক্রয় মূল্যের সঙ্গে অবশ্যই সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত ২০ ফেব্রুয়ারি সোনার দর সংশোধন করে সংস্থাটি। ওই সময়ও মূল্যবান এই ধাতুটির দাম বেড়েছিল। তবে ওইদিনও রুপার দাম অপরিবর্তিত থাকে।

সারাবাংলা/পিটিএম