ঢাকা: আগামী পাঁচ দিনের মধ্যে দেশের দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। যে কারনে দেশের উত্তরের জেলাগুলোতে যে বন্যার সৃষ্টি হয়েছিলো তা উন্নতির দিকে।
এদিকে সমুদ্র বন্দরের জন্য কোন সতর্ক বার্তা নেই, নদীবন্দরেও সতর্কতা নেই। বৃহস্পতিবার (১০ অক্টোবর) আবহাওয়ার পূর্বাভাসে এসকল তথ্য জানানো হয়েছে।
সেখানে বলা হয়েছে, বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।
এসময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর শুক্রবার (১১ অক্টোবর) ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। ওইদিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার (১২ অক্টোবর) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
ওইদিনও সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা বলছে, সারাদেশ হতে দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিতে পারে।
এদিকে, দেশের সমুদ্রবন্দরগুলোকে কোন সতর্ক সংকেত দেখাতে হবে না। অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসঃ দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্ক বার্তা নেই এবং কোন সতর্ক সংকেত দেখাতে হবে না।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরন কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ বিভাগের জিঞ্জিরাম, সোমেশ্বরী, ভূলাই-কংস নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে। বর্তমানে নেত্রকোণা জেলার সোমেশ্বরী নদী কলমাকান্দা পয়েন্টে এবং জামালপুর জেলার জিঞ্জিরাম নদী গোয়ালকান্দা পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আবহাওয়া সংস্থাসমূহের তথ্যানুযায়ী, আগামী ৩ দিন ময়মনসিংহ বিভাগ ও তৎসংলগ্ন উজানে অতিভারী (১৮৮ মি.মি/২৪ ঘণ্টা) বৃষ্টিপাতের প্রবণতা নেই।
এর প্রেক্ষিতে, আগামী ৩ দিন পর্যন্ত জিঞ্জিরাম, ভূলাই-কংস ও সোমেশ্বরী নদীসমূহের পানি সমতল হ্রাস পেতে পারে। আগামী ৩ দিন নেত্রকোণা জেলার সোমেশ্বরী ও জামালপুর জেলার জিঞ্জিরাম নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।