Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সালমান শাহ হত্যা মামলা: ডনের ৭ দিনের রিমান্ড চেয়েছে সিআইডি

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৬ ১৯:২৪

সালমান শাহ ও আশরাফুল হক ডন।

ঢাকা: চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার হওয়া অভিনেতা আশরাফুল হক ডনের ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রিমান্ড আবেদনে তাকে ‘অত্যন্ত সুচতুর ও ধুরন্ধর’ ব্যক্তি হিসেবে উল্লেখ করে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে তদন্ত সংস্থাটি।

সোমবার (২৪ আগস্ট) রমনা থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা (জিআরও) উপপরিদর্শক মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২০ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে সিআইডির পরিদর্শক মো. মজিবুর রহমান ডনের সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে আগামী ২৭ আগস্ট এ আবেদনের শুনানির দিন নির্ধারণ করেছেন।

বিজ্ঞাপন

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা তিনটি কারণ তুলে ধরেছেন। প্রথমত, এটি দেশের বহুল আলোচিত একটি হত্যা মামলা এবং দীর্ঘদিন ধরে নিরপেক্ষ তদন্তের দাবি উঠে আসছে। তাই মামলার প্রকৃত রহস্য উদঘাটনে ডনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে।

দ্বিতীয়ত, আবেদনে বলা হয়েছে, আশরাফুল হক ডন অত্যন্ত সুচতুর ও ধুরন্ধর প্রকৃতির ব্যক্তি। তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে মামলার সঙ্গে জড়িত অন্য সহযোগীদের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া এবং তাদের গ্রেফতার করা সম্ভব হতে পারে।

এছাড়া বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কীভাবে, কার সহযোগিতায় এবং কোন উদ্দেশ্যে তিনি দেশত্যাগের চেষ্টা করেছিলেন, সে বিষয়ে তথ্য সংগ্রহের জন্যও রিমান্ড প্রয়োজন বলে সিআইডি আদালতকে জানিয়েছে।

গত ৯ আগস্ট ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় বিমানবন্দর থেকে আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করে সিআইডি। পরে তাকে আদালতে হাজির করা হলে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, সালমান শাহ হত্যা মামলার কারণে তার বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশন কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে সিআইডি তাকে আটক করে।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। শুরুতে ঘটনাটি আত্মহত্যা হিসেবে তদন্ত করা হলেও পরবর্তীতে হত্যাকাণ্ড অভিযোগে মামলা হয়।

২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় মামলা দায়ের করেন। মামলায় সামিরা হক, তার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, আশরাফুল হক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদসহ মোট ১১ জনকে আসামি করা হয়।

সারাবাংলা/টিএম/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর