চুয়াডাঙ্গা: থেকে চুয়াডাঙ্গায় সেরা সাত করদাতাকে সম্মাননা দিয়েছে আয়কর বিভাগ সার্কেল-৯। এর মধ্যে ২০২০-২১ করবর্ষে জেলায় সর্বোচ্চ করদাতা তিন জন হলেন— ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা, মেশিনারিজ ব্যবসায়ী সহিদুল হক মোল্লা ও ঠিকাদার সাইফুন্নাহার আক্তার শাম্মী।
বুধবার (২৪ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা সার্কেল অফিসে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মাননা অনুষ্ঠানে আয়কর বিভাগ সার্কেল-৯ চুয়াডাঙ্গার উপ-কর কমিশনার ইরানুর রহমানের সভাপতিত্বে তাদের সম্মাননা, সনদপত্র ও ক্রেস্ট দেওয়া হয়।
এই করবর্ষে দীর্ঘ সময় কর প্রদানকারী দু’জন হলেন— ভূষিমাল ব্যবসায়ী আনছার আলী ও আশরাফুল হক। করবর্ষে সবোর্চ্চ করদাতা নারী সবিতা আগরওয়ালা। ৪০ বছরের নিচে তরুণ পুরুষ সর্বোচ্চ করদাতার সম্মাননা পেয়েছেন সৈয়দ ফরিদ আহম্মেদ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আয়কর বিভাগ সার্কেল-৯, চুয়াডাঙ্গার উপ-কর কমিশনার ইরানুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি সরদার আল আমিন, আয়কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহা. শামসুজ্জোহা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আকসিজুল ইসলাম রতন, চুয়াডাঙ্গা চেম্বার অব কর্মাসের সহসভাপতি মঞ্জুর আলম মালিক লার্জ। এছাড়া সেরা করদাতাদের মধ্যে সহিদুল হক মোল্লা, আনছার আলী ও সৈয়দ ফরিদ আহম্মেদ বক্তব্য দেন।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচিসহ গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিনিধি, আয়কর দাতা ও চুয়াডাঙ্গা আয়কর অফিসের কর্মকর্তা-কর্মচারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়কর বিভাগ সার্কেল-৯ চুয়াডাঙ্গা অফিসের প্রধান সহকারী আমিরুল ইসলাম হেলাল।