Thursday 23 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুবি তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি ইমরান, সম্পাদক রাজীব

কুবি করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৩ ১৮:৩৭

কুমিল্লা: তারুণ্যের সংগঠন ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’ (বিটিসিএলএফ) কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান হোসাইনকে সভাপতি এবং ইংরেজি বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রাজীবকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

শনিবার (২৬ আগস্ট) দুপুরে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহদী হাসান মজুমদার ও সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়াও বিজ্ঞপ্তিতে নেতাদের আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সভাপতি ইমরান হোসাইন বলেন, ‘তরুণ লেখক ফোরামের নেতৃত্ব পাওয়া সত্যিই আনন্দের, একইসঙ্গে দায়িত্বেরও। রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও আন্তর্জাতিক নানান সংকটে তরুণদের ভাবনা, পরামর্শ ও দাবি আদায়ে কলম-ই সবচেয়ে বড় হাতিয়ার। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লেখকদের এই প্ল্যাটফর্মের সাফল্য অব্যহত রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আশা করছি সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সহযোগিতায় একদল দক্ষ ও সৃষ্টিশীল লেখক তৈরিতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সবাইকে নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারব।’

ধন্যবাদ জানিয়ে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত মোহাম্মদ রাজীব বলেন, ‘আমার চেষ্টা থাকবে দেশের আগামীর ভবিষ্যৎ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তরুণদের সঙ্গে নিয়ে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখাকে এগিয়ে নিয়ে যাওয়ার। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম তারুণ্যের উদ্যমতা নিয়ে কাজ করে। তরুণরা সমাজের দর্পণ, তারা অন্যায়-অবিচার এবং সমাজে যেসকল সমস্যা আছে সেগুলো নিয়ে কাজ করে। আমাদের তরুণ কলাম লেখক ফোরামের উদ্দেশ্য থাকবে সমাজের বিদ্যমান সমস্যাগুলো থেকে কীভাবে উত্তরণ করা যায় সেই পথ দেখানো দেশ এবং দেশের মানুষকে। পাশাপাশি যারা তরুণ কলাম লেখক ফোরামে কাজ করছে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করব যাতে তারা আরও ভালো ভালো কলাম, ফিচার বা এ জাতীয় লিখা লিখতে পারে।’

উল্লেখ্য, ২০১৮ সালের ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’। বর্তমানে দেশের ১৭টি পাবলিক, বেসরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

সারাবাংলা/ইআ