Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এবারের নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের টাইটেল স্পন্সর এআইইউবি

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৪১

ঢাকা: টানা ১১তমবারের মতো বেসিস স্টুডেন্টস ফোরামের সহযোগিতায় যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্র্রেশন (নাসা) আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৪ বাংলাদেশ পর্বের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। এ পর্বের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।

রোববার (৮ সেপ্টেম্বর) এ বিষয়ে বেসিস ও এআইইউবির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এআইইউবিতে অনুষ্ঠিত এই সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে বেসিসের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি রাসেল টি আহমেদ, সহসভাপতি (অর্থ) ইকবাল আহমেদ ফখরুল হাসান, নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৪ বাংলাদেশ পর্বের আহ্বায়ক অভিজিৎ ভৌমিক, আনিসুল হক (লোকাল লিড) ও সানজার আদনান আলম (লোকাল লিড)।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে এআইইউবির পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন নাদিয়া আনোয়ার, প্রক্টর মনজুর এইচ খান ও অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের উপপরিচালক জিয়ারত হোসেন খান।

বিশ্বব্যাপী এই প্রতিযোগিতা ভার্চুয়ালি ১৮৫টি দেশ ও শহরে হবে আগামী ৪ ও ৫ অক্টোবর। প্রতিযোগিতায় টানা তিনবারসহ মোট চারবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ।

নাসা আন্তর্জাতিকভাবে বিশ্বের ১৮৫টি দেশের প্রযুক্তিবিদ, বিজ্ঞানী, ডিজাইনার, আর্টিস্ট, শিক্ষাবিদ, উদ্যোক্তাদের মতো বিভিন্ন ক্ষেত্রের মেধাবী তরুণদের একত্রিত করে পৃথিবীর বিভিন্ন বৈশ্বিক সমস্যা সমাধানে উদ্ভাবনী সমাধান খুঁজে বের করার লক্ষ্যে এ কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে বেসিসের উদ্যোগে বাংলাদেশের ৯টি শহরে (ঢাকা, চট্টগ্রাম সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং কুমিল্লা) এ আয়োজন করছে।

সারাবাংলা/ইএইচটি/টিআর