ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, একজন মানুষ কতটা ‘নির্লজ্জ/বেহায়া’ হলে নিজের কৃতকর্ম অস্বীকার করে আবারও দেশে ফিরে আসার স্বপ্ন দেখাতে পারেন।
বুধবার (৫ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এ কথা লিখেছেন।
তিনি লিখেছেন, ইদানীং শুনছি যে ছাত্র-জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নাকি আবার দেশে ফেরার কথা বলছেন।
সোহেল তাজ লিখেছেন, তিনি আসবেন ভালো কথা, কিন্তু আমার কথা হচ্ছে যে, একজন মানুষ কত নির্লজ্জ/বেহায়া হলে তার সব কৃতকর্মকে (গণহত্যা, গুম, খুন, দুর্নীতি, গণতন্ত্র কবর, নিজ স্বার্থে মুক্তিযুদ্ধের চেতনাকে অপব্যবহার করা, দেশ এবং মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, আওয়ামী লীগকে ধ্বংস করা, দুর্নীতি/লুটপাট করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা) অস্বীকার করে মানুষকে এবং দলকে বিভ্রান্ত করে এখন ফিরে আসার অবাস্তব স্বপ্ন দেখাচ্ছেন।
সোহেল তাজ আরও লিখেছেন, নিজের ভুল স্বীকার না করে, কোনো অনুশোচনা, আত্মসমালোচনা না করে বরং একটি মিথ্যা ষড়যন্ত্রের তত্ত্ব দিয়ে আওয়ামী লীগ দলটিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন এবং দেশের মানুষকে একটি অন্ধকারের পথে ঠেলে দিচ্ছেন।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইতিহাস বলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো স্বৈরাচারের আবার ফিরে আসা এবং ক্ষমতা ফিরে পাওয়া প্রায় অসম্ভব। পৃথিবীর ইতিহাসে তিনজন সফলভাবে ফিরে আসতে পেরেছিলেন- ১৯৫০ সালে ব্রাজিলের গুইতালিও ভার্গাস, দ্বিতীয় হচ্ছে ৭০৫ সালে বিজান্টিন সম্রাট জাস্টিনিয়ান (২য়) এবং মেক্সিকোর এন্টোনিও লোপেজ ডি সান্টা আনা।
সোহেল তাজ বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে পারেন, তবে ক্ষমতায় নয়—তাকে জেলে যেতে হবে বলেই তিনি মনে করেন।