Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কয়লাদূষণ বন্ধ করে পশুর নদী বাঁচাতে নৌ র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৬:০৭ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৬

বাগেরহাট: ‘কয়লাদূষণ বন্ধ করে সুন্দরবনের প্রাণ পশুর নদী বাঁচাও, নোংরা কয়লার ব্যবহার বন্ধ করে শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর করো। ২০৩৫ সালের মধ্যে এশিয়া থেকে কয়লাভিত্তিক জ্বালানি প্রকল্প তুলে দিতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে কয়লার পরিসমাপ্তি এবং নবায়নযোগ্য জ্বালানি শক্তিতে রূপান্তর এখন সময়ের দাবি।’

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে ‘End Coal এর এশিয়া ডে অফ অ্যাকশন কর্মসূচি’ উপলক্ষে নৌর‌্যালি ও মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। জলবায়ু ন্যায্যতার জন্য বিশ্বব্যাপী আন্দোলনের অংশ হিসেবে বাগেরহাটের মোংলায় বিভিন্ন পরিবেশবাদি সংগঠনের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।

বিজ্ঞাপন

মোংলার পশুর নদীতে নৌ র‌্যালি এবং পশুর নদীপাড়ে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মো. নূর আলম শেখ, গীতিকার মোল্যা আল মামুন, আব্দুর রশিদ হাওলাদার, নাজমুল হক, কমলা সরকার, হাছিব সরদার, চন্দ্রিকা মন্ডল, মারুফ বিল্লাহ, রাসেল শেখ, মেহেদী হাসান বাবুসহ অনেকে।

বক্তারা বলেন, ‘কয়লার নির্ভরশীল বৃহত্তম বাজার হচ্ছে এশিয়া। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে কয়লার পরিসমাপ্তি এবং নবায়নযোগ্য জ্বালানি শক্তিতে রূপান্তর মাইলফলক অগ্রগতি হিসেবে বিবেচ্য হবে। অবিলম্বে সুন্দরবনবিনাশী রামপাল প্রকল্পসহ সব কয়লাবিদ্যুৎ প্রকল্প বাতিল করতে হবে। পরিচ্ছন্ন নবায়নযোগ্য জ্বালানির বিকল্পগুলিতে বিনিয়োগ করতে হবে।’

নৌ র‌্যালি ও মানববন্ধনে অংশগ্রহণকারীরা কয়লাবিরোধী নানা রঙের প্ল্যাকার্ড এবং ফেস্টুন প্রদর্শন করেন।

সারাবাংলা/এমও