ঢাকা: দেশের বিমানবন্দরগুলোতে ভিআইপি ও সিআইপিসহ সবার জন্য একই নিরাপত্তা প্রটোকল অনুসরণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
একই সঙ্গে আসন্ন আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) অডিট সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি দ্রুত পূরণের নির্দেশ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বেবিচক সদর দপ্তরে পুনর্গঠিত জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির (এনসিএএসসি) প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, ‘দেশের বিমান খাতে নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ নীতি নির্ধারণী ও সমন্বয়কারী কমিটির ১৩তম সভার সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করতে হবে। অতিসত্বর আইসিএও অডিট অনুষ্ঠিত হবে। আইসিএওর পর্যবেক্ষণের সঙ্গে দেশের ভাবমূর্তি জড়িত। তাই যেসব বিষয়ে তাদের পর্যবেক্ষণ থাকতে পারে, সেগুলোতে যথাযথভাবে নিয়ম মেনে চলা নিশ্চিত করতে হবে।’
তিনি বলেন, ‘ভিআইপি ও সিআইপিসহ সবার জন্য নিরাপত্তা প্রটোকল সমান। বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সমানভাবে প্রটোকল অনুসরণ করতে হবে।’ পাশাপাশি যাত্রীসেবা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে প্রবাসী যাত্রীদের উন্নত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সভায় প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বিমানবন্দর এলাকায় ড্রোনের অবৈধ উড্ডয়ন বন্ধে ‘অ্যান্টি-ড্রোন সিস্টেম’ স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা জানান। তিনি বলেন, ‘প্রায় তিন বছর পর অনুষ্ঠিত এ সভার সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট স্ক্যানারসহ প্রয়োজনীয় যন্ত্রপাতিও চাহিদার তুলনায় অতিরিক্ত রাখতে হবে।’
সভায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা আরও জোরদার, গুরুত্বপূর্ণ প্রবেশপথে স্থাপিত যানবাহন তল্লাশি ব্যবস্থা (ইউভিএসএস) কার্যকর রাখা এবং দেশের সব বিমানবন্দরে জরুরি পরিস্থিতি ও সংকট ব্যবস্থাপনা কার্যক্রম শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া শাহজালাল বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় যানজট, অনিয়ন্ত্রিত লোকসমাগম, ভিক্ষুকের উপদ্রব ও অবৈধ লাগেজ মোড়ানো কার্যক্রম নিয়ন্ত্রণে বেবিচক, এপিবিএন, পুলিশ, আনসার ও বিমানবন্দর ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও সক্রিয় হওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সম্ভাব্য নিরাপত্তা হুমকি মোকাবিলায় গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে তথ্য বিনিময় ও সমন্বয় বাড়ানো, আইসিএওর নিরাপত্তা মানদণ্ড অনুসরণ এবং বিমানবন্দরে আধুনিক নিরাপত্তা প্রযুক্তি সংযোজন নিয়েও সভায় মতবিনিময় করা হয়।