Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাজীপুরে কাভার্ডভ্যানে সিএনজির ধাক্কা, নিহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৪ ১২:৪৪ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৮

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে সিএনজিচালিত ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন।

রোববার দিবাগত রাত ১২টার দিকে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাতক্ষীরা সদর থানার হাজীপুর এলাকার মগরব আলীর ছেলে নাজমুল হোসেন (৩৫), গাজীপুরের নোঁয়াগাও এলাকার সুভাষ কর্মকারের ছেলে অমল কুমার কর্মকার (৩৯), নর‌সিংদীর শিবপুর থানার আক্সাশাল এলাকার আব্দুর রহমানের স্ত্রী রাবেয়া বেগম (৭৫), তার ছেলে মোহাম্মদ আলী (৪৫) ও তার নাতী মোহাম্মদ আলীর ছেলে আমান উল্লাহ (৫)।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে এক নারীসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পর এক শিশুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদ্রাসা এলাকায় রাত ১২টার দিকে দাঁড়িয়ে থাকা প্রাণ গ্রুপের একটি কাভার্ডভ্যানে দ্রুতগতির একটি সিএনজিচালিত ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় চার বছরের এক শিশুসহ ছয়জনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। পরে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুসহ পাঁচজনকে মৃত ঘোষণা করেন। এছাড়াও প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর অবস্থায় সিএনজি চালককে ঢাকায় পাঠানো হয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রেজিনা আফরিন বলেন, রাতে পাঁচজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।‌ এছাড়াও গুরুতর অবস্থায় হাসপাতালে আনা সিএনজি চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, কাভার্ডভ্যানে সিএনজির ধাক্কায় তিনজন পুরুষ, একজন নারী ও এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/ইআ