Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুই হাতে পিস্তুল নিয়ে গুলি করা সন্ত্রাসী রুবেল ৫ দিনের রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৫৩ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:১৩

রাজশাহী: রাজশাহীতে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুই শিক্ষার্থী নিহতের মামলায় জহিরুল ইসলাম রুবেল ওরফে শুটার রুবেলকে পাঁচদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ফয়সল তারেক শিক্ষার্থী আলী রায়হান হত্যা মামলায় তার রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, সকাল সোয়া ১১টার দিকে শিক্ষার্থী আলী রায়হান হত্যা মামলায় রুবেলকে পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে আদালতে তোলা হয়। এ সময় তদন্ত কর্মকর্তা রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, কুমিল্লা থেকে গ্রেফতারের পর রুবেলকে শনিবার গভীর রাতে রাজশাহীতে আনা হয়। রাতে র‌্যাব হেফাজতে রাখা হয়। সেখান থেকে সকালে বোয়ালিয়া থানা পুলিশ গ্রহণ করে। এরপর আলী রায়হান হত্যা মামলায় রুবেলকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা।

ওসি আরও জানান, তার বিরুদ্ধে শিক্ষার্থী আলী রায়হান ও সাকিব আনজুম হত্যা মামলা রয়েছে। এছাড়া আরও দুটি মামলার আসামি তিনি। তাকে দুটি হত্যাসহ চারটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে, শুক্রবার দিবাগত রাতে কুমিল্লার দাউদকান্দি থেকে র‌্যাবের অভিযানে গ্রেফতার হয় রুবেল। রাজশাহীতে ছাত্র আন্দোলন দমনে তিনি দুই হাতে পিস্তুল নিয়ে গুলি বর্ষণ করে। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল।

গত ৫ আগস্টের ভিডিও ফুটেজে দেখা যায়, রুবেল মাথায় হেলমেট পরে দুটি পিস্তুল দুই হাতে নিয়ে সমান তালে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করছেন। এ সময় শুটার দলে আরও ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি বোরহান উদ্দিন পাভেল, মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, মহানগর যুবলীগের সাবেক অর্থ সম্পাদক রাজিব মতিন ও মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রোজেলসহ অনেকেই। ওই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আনজুম ও রাজশাহী কলেজের শিক্ষার্থী আলী রায়হান নিহত হন।

সারাবাংলা/ইআ