Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাহমুদউল্লাহর অবসরের ইঙ্গিত দিলেন শান্ত

স্পোর্টস ডেস্ক
৪ অক্টোবর ২০২৪ ২০:৫১ | আপডেট: ৫ অক্টোবর ২০২৪ ০১:৫৪

বয়স ৩৮ হলেও এখনো টি-২০ দলে খেলছেন তিনি। মাহমুদউল্লাহ রিয়াদের টি-২০ ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন উঠেছে এরই মাঝে। এসবের মাঝেই ভারতের বিপক্ষে সিরিজ খেলতে অনুশীলনে ব্যস্ত রিয়াদ। সিরিজ শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আভাস দিয়েছেন, এই সিরিজ শেষেই টি-২০ ক্রিকেটকে বিদায় বলতে পারেন মাহমুদউল্লাহ।

গত টি-২০ বিশ্বকাপে অনেক নাটকের পর স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন মাহমুদউল্লাহ। তবে বিশ্বকাপে পুরোপুরি ব্যর্থ হয়েছেন তিনি। ৭ ম্যাচে করেছেন মাত্র ৯৫ রান, স্ট্রাইক রেট ৯৪.০৫, গড় ১৫.৮৩। বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে তার ধীরগতির ব্যাটিং সমালোচনার জন্ম দিয়েছিল। তখনই তার টি-২০ ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন অনেকেই। তবে ভারতের বিপক্ষে সিরিজেও স্কোয়াডে আছেন রিয়াদ।

বিজ্ঞাপন

সিরিজ শুরু আগেই শান্ত আভাস দিলেন, এই সিরিজই হতে পারে মাহমুদউল্লাহ রিয়াদের শেষ টি-২০ সিরিজ, ‘রিয়াদ ভাইয়ের জন্য সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। হয়তো উনি নির্বাচকদের সাথেও কথা বলবেন। এই বিষয়ে আমি পরিষ্কার না। কিন্তু আমার মনে হয় নির্বাচক ও বোর্ডের সাথে তার একটা আলোচনা হবেই।’

মাহমুদউল্লাহর বিদায়ের পর তার বিকল্প হিসেবে উঠে এসেছে শামীম পাটোয়ারির নাম। শান্ত অবশ্য রিয়াদের সাথে শামীমের তুলনা করতেই নারাজ, ‘কার সঙ্গে কার তুলনা করছেন! রিয়াদ ভাই এত বছর ধরে বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছেন, ভালো করেছেন। অনেক ম্যাচ জিতিয়েছেন। অনেক ম্যাচে হয়তো শেষ করে আসতে পারেননি। কিন্তু অনেক ম্যাচে জয়ের পেছনে তার অবদান আছে। শামীম তরুণ, সেও ভালো করছে। কিন্তু তাদের তুলনায় আমি এখনই যেতে চাই না।’

আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে শুরু হবে বাংলাদেশ-ভারত টি-২০ সিরিজ।

সারাবাংলা/এফএম