ঢাকা: ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ২৬০ জন যাত্রী নিয়ে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। ফলে ৭ ঘণ্টা ধরে আটকা বিমানের ভেতরে আটকা পড়ে থাকে যাত্রীরা। পরে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে যাত্রীদের বিমান থেকে নামিয়ে হোটেলে নেওয়া হয়।
শুক্রবার (৮ আগস্ট) নিয়মিত জ্বালানি নেওয়ার সময় ইতালির স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিজি ৩০৬ ফ্লাইটটি গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। ইতালিতে অবতরণের পর যাত্রীদের জানানো হয়, উড়োজাহাজটিতে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে এবং মেরামতের প্রয়োজন রয়েছে। স্থানীয় সময় দুপুর দেড়টা পর্যন্ত ফ্লাইটটি বিমানবন্দরেই অবস্থান করছিল।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একজন কর্মকর্তা জানান, রোমে অবতরণের পর উড়োজাহাজটির কারিগরি পরীক্ষা করা হয়। পরে যান্ত্রিক ত্রুটির কারণে এটি গ্রাউন্ডেড করা হয়। ত্রুটি মেরামত না হওয়া পর্যন্ত উড়োজাহাজটির উড্ডয়ন সম্ভব নয়।
এদিকে বিমান সূত্রে জানা গেছে, উড়োজাহাজটির ত্রুটি মেরামতের জন্য ঢাকা থেকে প্রকৌশলী ও প্রয়োজনীয় যন্ত্রাংশ রোমে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকৌশলীরা সেখানে গিয়ে উড়োজাহাজটির কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজ করবেন।
তবে আটকে পড়া যাত্রীদের জন্য খাবার ও আবাসনের ব্যবস্থা এবং বিকল্প ফ্লাইটের বিষয়ে কাজ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। কিন্ত উড়োজাহাজটি ঠিক কখন মেরামত হয়ে ঢাকার উদ্দেশে রওনা হতে পারবে, তা এখনো নিশ্চিত নয়।
অন্যদিকে, রাত ১টার দিকে ঢাকা থেকে টরন্টোর উদ্দেশে বিমানের আরেকটি ফ্লাইট ছাড়ার কথা রয়েছে, যার পূর্বনিধারিত ফ্লাইট ছিল রাত ২টা ২০ মিনিট। ওই ফ্লাইটের যাত্রীদের রাত ৯টার মধ্যে বিমানবন্দরে উপস্থিত থাকতে বলা হয়েছে।