Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘অপরাধীদের মদত যারা দিচ্ছে তাদের বিচার একদিন বাংলার মাটিতেই হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৪ ২০:৫৬ | আপডেট: ৫ অক্টোবর ২০২৪ ০১:৫৪

ঢাকা: ড. মুহাম্মদ ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন বলে মন্তব্য করেছেন জুলাই-আগস্টের আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, ড. ইউনুস অবৈধভাবে ক্ষমতা দখল করে হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট শুরু করেছে। সাধারণ মানুষের জীবনের শান্তি-স্বস্তি কেড়ে নিয়েছে। নিত্যপণ্যের মূল্য আকাশছোঁয়া। সেদিকে নজর না দিয়ে আওয়ামী লীগ নিধনে নেমেছে অবৈধ সরকার।

নানক আরও বলেন, দুর্গাপূজার মূর্তি ভাঙচুর করে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে। থানা লুটপাটকারী ও অবৈধ অস্ত্রধারীদের ধরা হচ্ছে না, গ্রেফতারও করা হচ্ছে না। এই জঙ্গি-সন্ত্রাসী-খুনিদের অবাধে সাধারণ মানুষ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের খুন করতে সুযোগ করে দেওয়া হয়েছে। এ জঘন্য অপরাধীদের মদত যারা দিচ্ছে, তাদের বিচার একদিন বাংলার মাটিতে হবেই।

বিজ্ঞাপন

শুক্রবার (৪ অক্টোবর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে তিনি এ সব কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, সারা দেশে এক অকল্পনীয় দুঃশাসন চলছে। দেশের বিভিন্ন স্থানে চলছে চাঁদাবাজির মহোৎসব। দেশের প্রায় প্রতিটি উপজেলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর বিএনপি ও তাদের মিত্রদের অত্যাচার-নির্যাতনের পাশাপাশি এখন নতুন করে যুক্ত হয়েছে মিথ্যা মামলায় গ্রেফতার। ১৫ বছরের কিশোর থেকে ৯০ বছরের বৃদ্ধ— আওয়ামী লীগের কোনো নেতাকর্মীই রেহাই পাচ্ছে না গ্রেফতার থেকে।

বিবৃতিতে নানক আরও বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের গলাকেটে হত্যা করা হচ্ছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের খুন, বাসাবাড়ি-ব্যাবসা প্রতিষ্ঠানে লুটপাট, অগ্নিসংযোগ করছে বিএনপি ও তার মিত্ররা। বাংলাদেশের বিভিন্ন এলাকায় একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। কিন্তু অপরাধীদের বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে না, কাউকে গ্রেফতার করা হচ্ছে না। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

সারাবাংলা/এনআর/টিিআর