Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে ‘জাস্টিস ফর জুলাই’র ৭ দফা

সারাবাংলা ডেস্ক
৪ অক্টোবর ২০২৪ ২২:৪০ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৪৪

চট্টগ্রাম ব্যুরো: গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার খুনিদের বিচারসহ সাত দফা দাবি দিয়েছে ‘জাস্টিস ফর জুলাই, চট্টগ্রাম’ নামে একটি সংগঠন।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এসব দাবি তুলে ধরা হয়েছে। এতে হত্যায় জড়িতদের বিচারের পাশাপাশি শহিদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানানো হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে,’ ‘শহিদদের রক্ত, বৃথা যেতে দেবো না,’ ‘আমার সোনার বাংলায়, খুনিদের ঠাঁই নাই’- এ ধরনের স্লোগান লেখা প্ল্যাকার্ড-ফেস্টুন বহন করেন।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ‘স্টুডেন্টস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি’র আহ্বায়ক জুবায়রুল হাসান আরিফ বলেন, ‘জুলাই অভ্যুত্থানের শহিদদের রক্তের ওপর দাঁড়িয়ে আজকের অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারই যদি গণহত্যায় জড়িত খুনিদের বিচার করতে না পারেন, তাহলে দয়া করে সরে যাওয়া সমীচীন হবে। প্রয়োজনে আমরা নতুন সরকার গঠন করব।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘জাতি হিসেবে এটা আমাদের জন্য লজ্জার, আজ যে নতুন বাংলাদেশ ও নতুন সরকার গঠন করা হয়েছে যাদের ত্যাগের বিনিময়ে, তাদেরই খুনের বিচার চাইতে হচ্ছে আমাদের।’

সংগঠনের আহ্বায়ক মামুনুর রশিদ খানের সভাপতিত্বে ও সহকারী সদস্য সচিব ওমর ফারুক মিছিলের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন- যুগ্ম আহ্বায়ক আসিফ রহমান, অভ্যুত্থানে আহত তাওহিদ প্রাইম, কেন্দ্রীয় কমিটির সদস্য মুসলেমা খানম আঁখি, কাজী সুমাইয়া তাহসিন, আবির বিন জাবেদ, মোহাম্মদ রিয়াদ।

সারাবাংলা/আরডি/পিটিএম