খাগড়াছড়ি: পার্বত্য অঞ্চলে সবধরনের জাতিগত সংঘাত নিরসন ও সব জাতিগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতের দাবি জানিয়েছে ‘পার্বত্য চট্টগ্রাম শান্তিকামী জনতা’ সংগঠন।
শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় খাগড়াছড়ি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মুখপাত্র আমিনুল ইসলাম। লিখিত বক্তব্যে তারা অন্তর্বর্তী সরকারের কাছে পাঁচটি দাবি তুলে ধরেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে- পার্বত্য অঞ্চলে বসবাসরত সকল জাতি সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা। সবধরনের বিচারবহির্ভূত হত্যা বন্ধে প্রশাসনের কার্যকরী ব্যবস্থা গ্রহণ। সাম্প্রতিক খাগড়াছড়িতে সংঘটিত বিচার বহির্ভূত হত্যা, দোকানপাট ভাঙচুর, অগ্নিসংযোগ ও উপাসনালয় ভাঙচুরের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। ঝুঁকিপূর্ণ ও সন্ত্রাসমুক্ত রাখতে সীমান্তবর্তী এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।
একইসঙ্গে পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী দেশি-বিদেশি কুচক্রী মহলকে সামাজিকভাবে প্রতিহত করা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্বেচ্ছাসেবক হারিচুর রহমান রনি, মো. শাহানেওয়াজ, মোহাম্মদ রাকিব মনি, ইফতি মোহাম্মদ ও শাহদাত হোসেন হোসেন।