Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ধৈর্যের পরীক্ষা নেওয়া ঠিক হবে না— অন্তর্বর্তী সরকারকে দুদু

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৪ ১৫:৩২ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ ১৮:০৮

ঢাকা: অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সংস্কার করেন, কিন্তু ধৈর্যের পরীক্ষা নেওয়া ঠিক হবে না। বাংলাদেশের মানুষ সময় দেয়, কিন্তু ধৈর্যের পরীক্ষা দেয় না। ধৈর্যের পরীক্ষা নিলে ভালো কিছু বয়ে আনবে না।

‘আপনারা তিন, ছয়, নয় মাস সময় নেবেন— নেন। কিন্তু, কীভাবে কী করবেন, তার একটি রোডম্যাপ প্রকাশ করেন। যাতে আমরা জানতে পারি, এই সময়ে এই হচ্ছে।’

মঙ্গলবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন এ আলোচনা সভা আয়োজন করে।

বিজ্ঞাপন

শামসুজ্জামান দুদু বলেন, ‘এই সরকার আমাদের ভালোবাসার সরকার। বিএনপি সমর্থিত সরকার। সে সমর্থন ধরে রাখার জন্য তাদের কাজ করতে হবে।’

বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এক মাসের আন্দোলনে তাদের (বৈষম্যবিরোধী ছাত্রনেতা) বিরুদ্ধে যেসব মামলা হয়েছে, সেই মামলাগুলো প্রত্যাহার হয়েছে। আর যারা ১৬ বছর ধরে আন্দোলন করছে, তাদের মামলা প্রত্যাহার করা হয়নি, কেন?

দুদু বলেন, ‘এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির নেতা-কর্মীরা যত হামলা, মামলা, গুমের শিকার হয়েছে, পৃথিবীর আর কোনো রাজনৈতিক দল তা হয়নি। বিএনপি নেতাদের একটা মামলাও প্রত্যাহার হয়নি। শেখ হাসিনার আমলে যেমন হাজিরা দিত হত, এখনও দিতে হচ্ছে। আমাদের অনেক নেতা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলার জন্য ফাঁসির আসামি হয়ে জেলে আছে।’

তিনি বলেন, ‘বিভিন্ন খেলা হচ্ছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র খেলছে। বিদেশ থেকে খেলছে। দেশের মধ্যে অনেকে খেলছে। সবাইকে সতর্ক থাকতে হবে। ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া যাবে না। তারা দেশের গণতন্ত্র ধ্বংস করেছে, দেশের মর্যাদা, শিল্প, কৃষি— সব কিছু ধ্বংস করেছে।’

শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘গঙ্গায় গেছেন, ভালো করে পরিষ্কার হোন। মন পরিষ্কার করেন। তার পরে ভেবেচিন্তে দেখা যাবে। অনেকে বলে, আগামী ৩০-৬০ বছরের মধ্যে আপনারা ক্ষমতায় আসতে পারবেন না।’

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য নাজিমুদ্দিন আলম, আবু নাসের মো. মুহাম্মদ রহমতুল্লাহ, কৃষকদল নেতা এসকে সাদি, কে এম রকিবুল ইসলাম রিপনসহ অনান্যরা।

সারাবাংলা/এজেড/ইআ