Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এবার নারী কেলেঙ্কারিতে ফাঁসলেন ইনফান্তিনো

ক্রীড়া ডেস্ক
৮ আগস্ট ২০২৬ ১২:৫৫

বিতর্ক যেন কিছুতেই তার পিছু ছাড়ছে না। সাংগঠনিক সব ঝামেলা যখন কিছুটা কাটিয়ে উঠতে নিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো, ঠিক তখনই সামনে এলো নতুন ইস্যু। বিবাহ বহির্ভূত সম্পর্কে এ জড়ানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ জানিয়েছে, উয়েফার সাধারণ সম্পাদক থাকার সময় ইনফান্তিনোর সঙ্গে ‘কথিত সম্পর্ক’ থাকা এক নারীকে বড় অংকের অর্থ দিয়েছিল উয়েফা। প্রতিবেদনে ওই নারীকে উয়েফাতে কাজ করা তার জুনিয়র সহকর্মী বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া নিয়ম ভেঙ্গে ওই নারীকে আকর্ষণীয় পদোন্নতি দেওয়ার অভিযোগও উঠেছে ইনফান্তিনোর বিরুদ্ধে। ওই নারীর সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলেই অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

ইনফান্তিনোর এক মুখপাত্র অবশ্য টেলিগ্রাফকে জানান, ‘ফিফা সভাপতি এসব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করছেন এবং এগুলো সম্পূর্ণ অসত্য। তার সঙ্গে এমন আচরণ, কোনো বিধি কিংবা নিয়ম লঙ্ঘনের ইঙ্গিত দেওয়া মানহানিকর। উয়েফা ও ফিফার কোনও কর্মী কখনোই ইনফান্তিনোর আচরণ নিয়ে অভিযোগ করেননি, কারণ তার এমন কিছুতে জড়িত থাকার মতো ঘটনাই কখনও ঘটেনি।’

এদিকে টেলিগ্রাফ জানিয়েছে, উয়েফা নিশ্চিত করেছে, সংশ্লিষ্ট নারীকে অর্থ প্রদান করা হয়েছিল এবং স্থানীয় একটি বিজনেস স্কুলে তার এমবিএ কোর্স সম্পন্ন করার ফি মেটাতেও ওই অর্থ ব্যবহার করা হয়।

সংস্থাটির তথ্যমতে, ওই সময়কার নিয়ম অনুযায়ী সব অর্থ প্রদানই বৈধ ছিল। তবে পরবর্তীতে সেই নিয়ম আরও কঠোর করা হয়েছে।

ইনফান্তিনো ২০০০ সালে উয়েফায় যোগ দেন এবং ২০০৯ সালে সাধারণ সম্পাদক হন। পরবর্তীতে ২০১৬ সালে ফিফার সভাপতি নির্বাচিত হন তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর