Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মানি লন্ডারিং মামলায় আপিলের অনুমতি পেলেন ড. ইউনূস

স্টাফ করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৪ ১১:৪২ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৩:৪৬

ঢাকা: মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অভিযোগ গঠনের বৈধতা এবং মামলা বাতিল চেয়ে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণ টেলিকমের কর্মকর্তাদের লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে করা আবেদন) মঞ্জুর করেছেন আপিল বিভাগ। আদালত আপিলের সারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশ দিয়ে শুনানির জন্য আগামী ১৯ নভেম্বর দিন ধার্য করে দিয়েছেন।

সোমবার (২১ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো.আসাদুজ্জামান। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী একেএম ফজলুল হক।

বিজ্ঞাপন

দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে গত বছরের ৩০ মে মামলাটি দায়ের করেন।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, আসামিরা ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ করেছেন। অবৈধভাবে অর্থ স্থানান্তর করা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ।

১২ জুন ওই মামলায় ড. ইউনূসসহ ১৪ জনের নামে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন।

এ অবস্থায় অভিযোগ গঠনের বৈধতা নিয়ে মামলার কার্যক্রম বাতিল চেয়ে ড. ইউনূসসহ সাতজন হাইকোর্টে আবেদন করেন। ড. মুহাম্মদ ইউনূস ছাড়া অন্য ছয় আপিলকারী হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম, পরিচালক আশরাফুল হাসান, নাজনীন সুলতানা, শাহজাহান, নূরজাহান বেগম ও এস এম হাজ্জাতুল ইসলাম লতিফী।

এ আবেদনের ওপর গত ১১ জুলাই শুনানি শেষ হয়।

পরে গত ২৪ জুলাই বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ আবেদন খারিজ করে আদেশ দেন।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করা হয়।

আদালত আজ লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে করা আবেদন) মঞ্জুর করেন। একই সঙ্গে এ বিষয়ে শুনানির জন্য আগামী ১৯ নভেম্বর দিন ধার্য করে দেন।

সারাবাংলা/কেআইএফ/এমপি
বিজ্ঞাপন

আরো