ঢাকা: বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিসে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর মগবাজারে দলীয় অফিসে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে মুজিবুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মুজিবুল আলম জানান, সাক্ষাৎকারের সময় তারা অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে পারস্পরিক মতবিনিময় করেন। এ সময় তারা বংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেন। জামায়াতে ইসলামী উপস্থাপিত সংস্কার প্রস্তাবের বিভিন্ন বিষয় সম্পর্কে তারা জানতে চান। আমীরে জামায়াত সংস্কার প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এবং ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি জনাব মতিউর রহমান আকন্দ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ শাহাবুদ্দিন।