টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ রানের রেকর্ডটা তারই। মুশফিকুর রহিম আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গড়লেন নতুন কীর্তি। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্টে ৬০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন মুশফিক।
মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ক্রিজে নামার আগে মুশফিকের রান ছিল ৫৯৭২। প্রথম ইনিংসে তিনি প্যাভিলিয়নে ফিরেছিলেন ১১ রানে।
আজ চা বিরতির পর নাজমুল হোসেন শান্ত আউট হলে মাঠে নামেন মুশফিক। দ্বিতীয় দিনের শেষভাগে দারুণ আক্রমণাত্মক মুডে ব্যাটিং করেছেন তিনি। ২৬ বলে ৩১ রান করে অপরাজিত আছেন তিনি, মেরেছেন ৩টি চারও।
এই ইনিংস খেলার মাঝেই ৬০০০ রান পূর্ণ করেছেন মুশফিক। প্রথম বাংলাদেশি হিসেবে সাদা পোশাকে ৬০০০ রান পূর্ণ করলেন তিনি। এখন পর্যন্ত ৯৩ ম্যাচে ১৭২ ইনিংসে তার রান ৬০০৩, গড় ৩৮.৪৮। ৭০ ম্যাচে ৫১৩৪ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন তামিম ইকবাল। ৭১ ম্যাচে ৪৬০৯ রান করে এর পরেই আছেন সাকিব আল হাসান।