Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৪ ১০:৫৩ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৪ ১৩:১৯

হাইকোর্ট। ফাইল ছবি

ঢাকা: সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে মন্ত্রী পরিষদ সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জ্যেষ্ঠ আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।

উনুছ আলী আকন্দ সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করে ইবলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে আজ রিট দায়ের করেছি। আগামী সপ্তাহে হাইকোর্টের যেকোনো একটি বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে।

তিনি আরও বলেন, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ষোড়শ সংশোধনীর মামলার রায়ে (নিজের অভিমত) অংশে সংবিধানের ৭০ অনুচ্ছেদকে অবৈধ বলেছেন। যদিও তা সম্মিলিত রায়ে টেকেনি।

বিজ্ঞাপন

সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে সংসদে এমপিরা কোন বিষয়ে স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারে না। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোন জনগুরুত্বপূর্ণ বিষয়েও মতামত দিতে পারে না। কিন্তু পৃথিবীর উন্নত দেশগুলোতে এ রকম রেওয়াজ নেই। এতে গণতন্ত্রের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।

তাই গণতন্ত্র চর্চা ও বিকাশে সংবিধানের ৭০ অনুচ্ছেদ অবৈধ ঘোষণা চেয়ে রিট দায়ের করেছি বলেন তিনি।

সংবিধানের ৭০ অনুচ্ছেদে যা বলা হয়েছে-

রাজনৈতিক দল হইতে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়া:

কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থীরূপে মনোনীত হইয়া কোনো ব্যক্তি সংসদ-সদস্য নির্বাচিত হইলে তিনি যদি-

(ক) উক্ত দল হইতে পদত্যাগ করেন, অথবা
(খ) সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, তাহা হইলে সংসদে তাহার আসন শূন্য হইবে, তবে তিনি সে কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ-সদস্য হইবার অযোগ্য হইবেন না।

সারাবাংলা/কেআইএফ/ইআ
বিজ্ঞাপন

আরো