Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২০ ওভারে ৩৪৪— গাম্বিয়াকে স্রেফ উড়িয়ে দিলো জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক
২৩ অক্টোবর ২০২৪ ২০:৫০ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৪ ০২:৩৩

আগামী টি-২০ বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের আঞ্চলিক বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল জিম্বাবুয়ে ও গাম্বিয়া। নাইরোবিতে এই ম্যাচে ক্রিকেট বিশ্ব দেখল অবিশ্বাস্য কিছু ঘটনা। গাম্বিয়ার বোলিং লাইনআপকে বিধ্বস্ত করে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের বেশ কিছু রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে। গাম্বিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে জিম্বাবুয়ের গড়া ৩৪৪ রানের স্কোরই আন্তর্জাতিক টি-২০ এর সর্বোচ্চ দলীয় স্কোর।

নাইরোবিতে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছিল জিম্বাবুয়ে। ম্যাচের শুরু থেকেই গাম্বিয়ার উপর চড়াও হয়ে স্টিম রোলার চালিয়েছেন জিম্বাবুয়ের ব্যাটাররা। দুই ওপেনার ৬ ওভারের মাঝেই দলের স্কোর একশর কাছে নিয়ে গেছেন উড়ন্ত সূচনা করে! ৯ চার ও ৪ ছক্কায় মারুমানি ১৯ বলে ৬২ করে ফিরলে ৯৮ রানের উদ্বোধনী জুটি ভাঙে। মেয়ার্স বেশিক্ষণ টিকতে পারেননি। তিনি ফিরলে ক্রিজে আসেন সিকান্দার রাজা।

বিজ্ঞাপন

রাজা ক্রিজে নেমে রীতিমত তাণ্ডব চালিয়েছে গাম্বিয়ার বোলারদের উপরে। ৭ চার ও ১৫টি ছক্কায় সিকান্দার রাজা গড়েছেন দুটি রেকর্ড। ৩৩ বলে সেঞ্চুরি করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিয়ান হলেন রাজা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ ১৫টি ছক্কা মেরেছেন তিনি। শেষ পর্যন্ত ৪৩ বলে ১৩৩ রানে অপরাজিত ছিলেন রাজা। রাজার পাশাপাশি মাডান্ডের ১৭ বলে ৫৩ রানের সুবাদে শেষপর্যন্ত ৪ উইকেটে ৩৪৪ রান তোলে জিম্বাবুয়ে। পুরুষদের আন্তর্জাতিক টি-২০ তে এটিই সর্বোচ্চ স্কোর। জিম্বাবুয়ে ভেঙেছে নেপালের গড়া রেকর্ড।

জিম্বাবুয়ের এমন ব্যাটিং তাণ্ডবের দিন লজ্জার রেকর্ড গড়েছেন গাম্বিয়ার বোলার মুসা জোবার্তে। ৪ ওভারে ৯৩ রান দিয়ে আন্তর্জাতিক টি-২০ তে তিনিই এখন সবচেয়ে খরুচে বোলার।

অসম্ভব এক লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৫৪ রানেই গুটিয়ে যায় গাম্বিয়া। ১০ম ব্যাটার হিসেবে নামা আন্দ্রে রাজু একমাত্র ব্যাটার হিসেবে ছুঁয়েছেন দুই অংক! গাম্বিয়া শেষ পর্যন্ত হেরেছে ২৯০ রানে। আন্তর্জাতিক টি-২০ তে এটি সর্বোচ্চ রানের ব্যবধানে হারের রেকর্ড।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো