Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাষ্ট্রপতির অপসারণ চেয়ে ছাত্রদলের মশাল মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৪ ২০:৫৮

রাঙ্গামাটি: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ চেয়ে রাঙ্গামাটিতে মশাল মিছিল করেছে জেলা ছাত্রদল। এসময় তারা আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে দেশ বিরোধী ষড়যন্ত্রের অভিযোগ এনে প্রতিবাদ জানায়, ছাত্রলীগের নেতাকর্মীদের রাঙ্গামাটি ছাড়তে হুঁশিয়ারি দেয়।

বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে মশাল মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরুপায় গিয়ে শেষ হয়। মিছিলে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেয়। মিছিল শেষে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আলী আকবর সুমন বলেন, ‘আওয়ামী লীগ, ছাত্রলীগের দোসরা প্রশাসনসহ পাড়া-মহল্লায় অবস্থান নিয়ে ষড়যন্ত্র করছে। অবিলম্বে সকলকে রাঙ্গামাটি ছেড়ে চলে যাওয়ার আহবান জানাচ্ছি। অন্যথায় ছাত্রদলের নেতাকর্মীরা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ছাত্রলীগকে ধরে আইনের কাছে সোপর্দ করবে।’

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও তার দোসররা প্রশাসনের বিভিন্ন জায়গায় বসে থেকে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু হাসিনার পক্ষ নিয়ে নানান ষড়যন্ত্র করছে। দ্রুত রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেয়।

সমাবেশে জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল মতিন নান্টু, হাসান চৌধুী সুমন, রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল আমিন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বশর আজম, যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জসিম উদ্দিন, কাপ্তাইয়ের কর্ণফুলী কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্দুল আল মামুন অপু, শরিফুল ইসলাম শাকিল ও খোরশেদুল আলম উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো