Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাফিনহার হ্যাটট্রিকে বায়ার্নকে বিধ্বস্ত করল বার্সা

স্পোর্টস ডেস্ক
২৪ অক্টোবর ২০২৪ ০৭:৫০ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৪ ০০:০৬

একদিন আগেই ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিরয়ের হ্যাটট্রিকে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। এবার আরেক ব্রাজিলিয়ান ফুটবলার রাফিনহার দুর্দান্ত হ্যাটট্রিকে জয় পেল রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাও। চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে রাফিনহা ঝড়ে বায়ার্ন মিউনিখকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে দারুণ এক জয় পেয়েছে কাতালানরা।

ম্যাচের প্রথম মিনিটেই বার্সাকে এগিয়ে দেন রাফিনহা। কিছু বুঝে ওঠার আগেই লোপেজের বাড়ানো বলে গোল করে বায়ার্নকে চমকে দিয়েছেন এই ব্রাজিলিয়ান। ১১ মিনিটে ম্যাচে সমতা এনেছিল বায়ার্ন। তবে হ্যারি কেইনের গোল ভিএআরের সাহায্যে বাতিল করেন রেফারি।

বিজ্ঞাপন

১৮ মিনিটে এই কেইনই ম্যাচে সমতা ফেরান। দারুণ এক ভলিতে বল জালে জড়িয়ে বায়ার্ন শিবিরে স্বস্তি ফেরান কেইন। তবে লিড ফিরে পেতে বেশি সময় নেয়নি বার্সা। ৩৬ মিনিটে রবার্ট লেভানডস্কি গোলে লিড ফিরে পায় কাতলানরা। এই গোলেও অ্যাসিস্ট ছিল লোপেজের।

বিরতির ঠিক আগে বার্সার হয়ে তৃতীয় গোল করেন রাফিনহা। কাসাডোর পাসে বল পেয়ে নয়্যারকে পরাস্ত করেন রাফিনহা। ৩-১ গোলের লিড নিয়েই হাফ টাইমে যায় বার্সা।

বিরতির পরপরই নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রাফিনহা। লামিন ইয়ামালের বাড়ানো বলে দারুণভাবে নিয়ন্ত্রণ নিয়ে বল জালে জড়িয়ে উল্লাসে ভাসেন তিনি। ইতিহাসের চতুর্থ ফুটবলার হিসেবে চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের বিপক্ষে হ্যাটট্রিক পেলেন রাফিনহা।

শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা। ২০১৫ সালের পর এই প্রথম বায়ার্নের বিপক্ষে জয়ের দেখা পেলেন তারা। এই জয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ১০ম স্থানে আছে বার্সেলোনা।

রাতের অন্য ম্যাচে স্পারটা প্রাহাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। লাইপজিগকে ১-০ গোলে হারিয়ে লিভারপুল। লিলের কাছে ৩-১ গোলে হেরে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো