ঢাকা: তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে বিএনপি, জামায়াতে ইসলামী ও সুজনের করা রিভিউ শুনানির জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) তিনটি রিভিউ আবেদন শুনানির কার্যতালিকা এলে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বিষয়টি গুরুত্বপূর্ণ বিবেচনায় চার সপ্তাহ সময় চান।
এ সময় বিএনপির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীনও চার সপ্তাহ সময়ের সঙ্গে একমত প্রকাশ করেন।
অন্যদিকে সুজনের পক্ষে সিনিয়র আইনজীবী ড. শরীফ ভূঁইয়া এতে আপত্তি নেই বলে জানান। এ সময় আদালতে জামায়াতের পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির উপস্থিত ছিলেন।
এক পর্যায়ে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ তিনটি রিভিউ একসঙ্গে শুনানির জন্য আগামী ১৭ নভেম্বর দিন ধার্য করেন।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে গত ১৬ অক্টোবর রিভিউ (পুনর্বিবেচনা) করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ করে সুজনের সম্পাদক ড. বদিউল আলম জুমদারসহ পাচজন। অন্যরা হলেন তোফায়েল আহমেদ, এম হাফিজউদ্দিন খান, জোবাইরুল হক ভূঁইয়া ও জাহরা রহমান।
এরপর বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার রিভিউ আবেদন করেন।
পরে গতকাল ২৩ অক্টোবর চেম্বার আদালত ২৪ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এইসব রিভিউ শুনানির দিন ধার্য করেন।
২০১১ সালের ১০ মে আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে করে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে তা বাতিল করে দেন।