দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে তাকে নিয়েই হচ্ছিল নানা আলোচনা। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজই হবেন বাংলাদেশের সবচেয়ে বড় ভরসা, এমন প্রত্যাশাই করা হচ্ছিল। সেই মিরাজই দুর্দান্ত এক ইনিংস খেলে বাংলাদেশের ইনিংস পরাজয় বাঁচিয়েছেন। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে অল্পের জন্য সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়েই প্যাভিলিয়নে ফিরতে হয়েছে মিরাজকে। ৭ উইকেটে ম্যাচ জেতার পর প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম বলছেন, দারুণ ব্যাটিং করা মিরাজ সেঞ্চুরি পাক, এমনটা তিনিও চেয়েছিলেন।
দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ইনিংস পরাজয় চোখ রাঙাচ্ছিল বাংলাদেশকে। সেখান থেকে জাকের আলিকে সাথে নিয়ে ৭ম উইকেটে রেকর্ড জুটি গড়েন মিরাজ। আজ সকালে সেঞ্চুরির লক্ষ্য নিয়ে মাঠে নামা মিরাজ মাত্র ৩ রানের জন্য তিন অংক ছুঁতে পারেননি। ৯৭ রান করে রাবাদার বলে আউট হয়েছে তিনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মার্করাম বলেছেন, মিরাজের সেঞ্চুরিটা তিনিও চেয়েছিলেন, ‘মিরাজ দারুণ খেলেছে। সেঞ্চুরিটা সে ডিজার্ভ করতো। অনেক চ্যালেঞ্জ ছিল তার সামনে। আমাদের সামনেও ছিল। আমরা সেটা মানিয়ে নিয়েছি। বাংলাদেশ আমাদের কঠিন সময় দিয়েছে। নতুন বলে খেলাটা কঠিন ব্যাপার ছিল। উইকেট পেতে আমাদের কষ্ট করতে হয়েছে। বাংলাদেশ ভালো একটি জুটিও গড়েছে।’
ঘরের মাঠে বাংলাদেশকে হারাতে পেরে খুশি মার্করাম, ‘অবশ্যই আমরা খুশি। সব ম্যাচই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সবাই বেশি ম্যাচ জিততে চায়। ভালো দল গড়ার প্রথম শর্ত হচ্ছে বেশি বেশি ম্যাচ জেতা। দল হিসেবে এটা আমাদের জন্য গর্বের ব্যাপারও বটে।’