Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিপিএলে খেলায় জাতীয় দল থেকে বাদ যুক্তরাষ্ট্রের জোনস!

স্পোর্টস ডেস্ক
২৪ অক্টোবর ২০২৪ ১৭:০০

গত টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে সবার নজর কেড়েছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের মারকুটে ব্যাটার অ্যারন জোনস এবার বাদ পড়লেন জাতীয় দল থেকে। ফর্ম কিংবা ইনজুরি নয়, জোনসকে বাদ দেওয়া হয়েছে জাতীয় দলের চেয়ে সিপিএলে খেলাকে প্রাধান্য দেওয়ার কারণে!

বিশ্বকাপে ইতিহাস গড়ে পাকিস্তানকে হারিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই ম্যাচসহ দলের অন্য ম্যাচে জয়ের মূল নায়ক ছিলেন জোনস। বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই নানা দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ জোনসকে দলে ভেড়াতে ব্যস্ত হয়ে পড়ে। এই সময় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও দল পান জোনস। ‘স্থানীয় ক্রিকেটার’ হিসেবে দলে জায়গা করে নিয়ে সেন্ট লুসিয়া কিংসের হয়ে দারুণ পারফর্ম করেছিলেন জোনস।

বিজ্ঞাপন

তবে বিপত্তি বাধে এক জায়গাতে। সিপিএলে যখন সেন্ট লুসিয়ার হয়ে খেলছিলেন জোনস, তখন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ম্যাচের সূচি পড়ে। সেখানে খেলতে হলে সিপিএল থেকে চলে আসতে হতো তাকে। শেষ পর্যন্ত জোনস বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজি লিগকেই। এই বিষয়টি মোটেও ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র জাতীয় দল। আসন্ন ওয়ার্ল্ড কাপ লিগ-২ সিরিজে নামিবিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে তাই জায়গা হয়নি জোনসের।

২০১৮ সালে অভিষেকের পর থেকেই যুক্তরাষ্ট্র দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার জোনস এই প্রথম এরকম কারণে স্কোয়াড থেকে বাদ পড়লেন। এখন পর্যন্ত ৪৮ ওয়ানডেতে তার রান ১৫৭৪, আছে ১১ ফিফটি ও এক সেঞ্চুরি। টি-২০তে তিনি করেছেন ৬২১ রান, স্ট্রাইক রেট ১১০.৬৯।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো