ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক টেম্বা বাভুমা। এবার চট্টগ্রামে হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টেও খেলা হচ্ছে না তার। দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে জানানো হয়েছে, পুরোপুরি সুস্থ না হওয়ায় সিরিজের শেষ টেস্টেও দলের বাইরে থাকতে হচ্ছে বাভুমাকে।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগেই বাঁ হাতের কনুইয়ের ইনজুরিতে পড়েছিলেন বাভুমা। ইনজুরির কারণে মিরপুর টেস্টে না থাকলেও দলের সাথে বাংলাদেশের এসেছিলেন তিনি। প্রায় ১০ দিন সুস্থ হয়ে মাঠে ফেরার লড়াইটা চালিয়ে গিয়েছিলেন বাভুমা। ধারণা করা হচ্ছিল, চট্টগ্রাম টেস্টেই দলে ফিরবেন তিনি।
তবে সেই আশায় গুড়েবালি। দক্ষিণ আফ্রিকা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বাভুমা এখনো মাঠে নামার মতো সুস্থ হননি। চট্টগ্রাম টেস্টের আগে তাই তার অনুশীলনে ফেরা হচ্ছে না। মিরপুর টেস্টের মতো সেখানেও বাভুমাকে ছাড়াই মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচেও দলকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।
মিরপুরে প্রথম টেস্টে ৭ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। ২৯ অক্টোবর চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা।