Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আন্দোলনে নিহত পুলিশের তালিকা প্রকাশ

সারাবাংলা ডেস্ক
২৫ অক্টোবর ২০২৪ ১৮:৪৩ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৪ ১৮:৫৩

ঢাকা: জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পুলিশ সদস্যদের তালিকা এবার বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে পুলিশ সদর দফতর। এমনকি নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি এড়াতে প্রকাশিত তালিকাটি প্রধান উপদেষ্টার প্রেস উইং গণমাধ্যমে পাঠিয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তালিকা প্রকাশ করে পুলিশ সদর দফতর। তালিকায় নিহতদের নাম, পদের নাম, মৃত্যুর তারিখ, সংযুক্ত ইউনিটের নাম এবং ঘটনাস্থল উল্লেখ করা হয়েছে।

তালিকা অনুযায়ী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় ৪৪ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের ১৪ জন ও সিরাজগঞ্জে ১৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এর বাইরে খুলনা, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী ও চাঁদপুর, গাজীপুরসহ কয়েকটি জেলায় বাকি ১৬ জন নিহত হন।

বিজ্ঞাপন

তালিকা প্রকাশ করে সদর দফতর থেকে বলা হয়, ‘আমরা লক্ষ্য করেছি যে, কিছু নিউজ আউটলেট এবং কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জুলাই-আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া গণ-অভ্যুত্থানে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা সম্পর্কে মিথ্যা এবং ভুল তথ্য ছড়াচ্ছেন। তাই গণ-অভ্যুত্থানে নিহত পুলিশ কর্মকর্তাদের প্রকৃত তালিকা প্রকাশ করা হলো।’

পুলিশ সদর দফতর আরও জানায়, ‘পুলিশ বিভাগ অত্যন্ত সতর্কতার সঙ্গে যে সকল অফিসার বা কনস্টেবল প্রতিবাদ বা সহিংসতার ঘটনায় আহত বা নিহত হয় তাদের তালিকা রক্ষণাবেক্ষণ করে। যদি কেউ দাবি করেন, গণ-অভ্যুত্থানের এই তালিকার বাইরেও পুলিশ নিহতের ঘটনা ঘটেছে সেক্ষেত্রে প্রমাণ সরবরাহের জন্য আহ্বান জানানো হচ্ছে।’

সদর দফতর থেকে প্রকাশিত নিহত পুলিশ সদস্যদের তালিকা দেখুন এখানে—

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো